বাংলাদেশে তৈরি বিনামূল্যের ব্রাউজার গেম ‘থাপ্পড়ম্যান’-এ যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দলীয় প্রতিযোগিতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসকে জাতীয় লিডারবোর্ডের শীর্ষে তুলে ধরার সুযোগ পাবেন।
গেমটিতে অংশ নিতে কোনো অ্যাপ ডাউনলোড কিংবা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আগ্রহীরা playthapporman.com ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের দল নির্বাচন করেই খেলতে পারবেন। প্রতিটি দলের সেরা ১০ খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোরের যোগফলের ভিত্তিতে নির্ধারিত হবে জাতীয় লিডারবোর্ডে সংশ্লিষ্ট ক্যাম্পাসের অবস্থান।
এতে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কোর শেয়ার করার সুযোগও রয়েছে।
তবে ‘থাপ্পড়ম্যান’ কেবল বিনোদন বা প্রতিযোগিতার গেম নয়। হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে দুর্নীতি, সামাজিক অনিয়ম এবং নারীর প্রতি হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেও গেমটি তৈরি করা হয়েছে।
দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে দুই অধ্যায়
গেমটির প্রথম অধ্যায়ের নাম ‘দুর্নীতি আর অনিয়ম’। এতে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অনিয়মের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। খেলোয়াড়কে বিভিন্ন চরিত্রের কথা ও আচরণ বিচার করে অন্যায়কারীকে ডিজিটাল থাপ্পড় দিতে হয়। অন্যদিকে নিরীহ চরিত্রকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ, শুধু প্রতিক্রিয়া দেখানো নয়, কে অন্যায় করছে আর কে নির্দোষ—তা বুঝে সিদ্ধান্ত নেওয়াও গেমের অংশ।
দ্বিতীয় অধ্যায়ের নাম ‘হয়রানি আর না’। এর কেন্দ্রে রয়েছে নারীর প্রতি হয়রানি ও নির্যাতনের বিষয়টি। এখানে একজন নারীকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখানো হয়েছে। তাঁর পাশাপাশি শিক্ষার্থী সহপাঠীকেও বিভিন্ন পরিস্থিতিতে হয়রানির মুখোমুখি হতে দেখা যায়।
বাসের কন্ডাক্টর, রাস্তার উত্ত্যক্তকারী কিংবা সবজি বিক্রেতার মতো চরিত্রের মাধ্যমে জনপরিসরে নারীদের প্রতিদিনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আপত্তিকর মন্তব্য বা হয়রানির চেষ্টা হলে নারী চরিত্রটি প্রতিবাদ করে।
বাস, রাস্তা কিংবা বাজারে নারীদের হয়রানির ঘটনা বাংলাদেশের জনজীবনে নতুন নয়। বাস্তবে এসব ঘটনার প্রতিবাদ করার সুযোগ সব সময় তৈরি হয় না। আবার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সহিংসতার পথও কাম্য নয়। এই বাস্তবতার মধ্যেই ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের একটি বিকল্প জায়গা তৈরি করেছে গেমটি।
অন্যায়ের প্রতিবাদে ডিজিটাল মাধ্যম
‘থাপ্পড়ম্যান’-এর নির্মাতা গেম ডেভেলপার শোয়েব মোহাম্মদ। তাঁর ভাষ্য, অন্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকলেও বাস্তবে অনেক সময় তা প্রকাশের সুযোগ থাকে না। আবার প্রতিবাদের নামে সহিংসতাও সমর্থনযোগ্য নয়। এ কারণে বিনোদনের ছলে ক্ষোভ প্রকাশের একটি ডিজিটাল মাধ্যম তৈরি করতে চেয়েছেন তিনি।
শোয়েব মোহাম্মদ কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে গেম ডেভেলপমেন্ট বিষয়ে এবং অস্ট্রেলিয়ায় অ্যানিমেশনে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি ‘অ্যানিমেশন বিডি’ নামে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেছেন।
গেমটির মূল ভাবনায় রয়েছে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে সামাজিক অন্যায়ের প্রতিবাদ এবং সঠিক বিচারবোধের গুরুত্ব তুলে ধরা। নতুন ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা যুক্ত হওয়ায় এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি গেমটির সামাজিক বার্তাও ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।
গেমটি খেলতে ভিজিট করুন: playthapporman.com




















