নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে মটোরোলা। সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি টিজার ভিডিওতে নতুন বইয়ের মতো ভাঁজ করা ফোনের আভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার ফাঁস হওয়া ছবি ও তথ্য থেকে ডিভাইসটির সম্ভাব্য নকশা, রং, ডিসপ্লে এবং দাম সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ফোনটির নাম হতে পারে ‘মটোরোলা রেজর ফ্লেক্স’ (Motorola Razr Flex)।
প্রযুক্তি ও রিভিউবিষয়ক ওয়েবসাইট স্যামিগুরুর (SammyGuru) প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন এই ফোল্ডেবল ফোনের দুটি রঙের সংস্করণ বাজারে আসতে পারে। এর একটি হবে গাঢ় সবুজ রঙের, যাতে কাপড়ের মতো টেক্সচারযুক্ত ফিনিশ থাকবে। অন্য সংস্করণটি হবে বেইজ বা হালকা বাদামি রঙের, যার পেছনের অংশে চামড়ার মতো ফিনিশ দেখা যেতে পারে।
প্রকাশিত ছবিগুলোতে ফোনটির নকশা মটোরোলার আগের রেজর সিরিজের ক্ল্যামশেল ফোনের চেয়ে আলাদা। বরং এটি বইয়ের মতো ভাঁজ করা ফোল্ডেবল ফোনের নকশায় তৈরি বলে ধারণা করা হচ্ছে। বন্ধ অবস্থায় এর বাইরের অংশ অনেকটা চৌকো আকৃতির হবে। আর খুললে ভেতরের বড় পর্দাটি ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।
৬.৯ ইঞ্চির ভেতরের ডিসপ্লে থাকতে পারে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভাঁজ করা অবস্থায় ফোনটির বাইরের ডিসপ্লে হতে পারে ৫ ইঞ্চির। আর পুরোপুরি খুললে ভেতরের ডিসপ্লের আকার দাঁড়াতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চি। তবে ডিসপ্লের রেজল্যুশন, রিফ্রেশ রেট কিংবা প্যানেলের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নকশার দিক থেকে ফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো বইয়ের আদলে ভাঁজ করা ডিভাইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে মটোরোলা আনুষ্ঠানিকভাবে মডেলটির নাম বা নকশা নিশ্চিত করেনি।
দাম হতে পারে ১ হাজার ৭০০ ডলার
স্যামিগুরুর প্রতিবেদনে বলা হয়েছে, মটোরোলা রেজর ফ্লেক্স বাজারে এলে যুক্তরাষ্ট্রে এর সম্ভাব্য খুচরা দাম হতে পারে প্রায় ১ হাজার ৭০০ ডলার। তবে এটি এখনো গুঞ্জননির্ভর তথ্য। ফোনটির বাজারে আসার সময়, বিভিন্ন সংস্করণের দাম কিংবা কোন কোন দেশে এটি বিক্রি হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ফাঁস হওয়া তথ্যের সত্যতা নিয়ে সতর্ক থাকার পরামর্শও রয়েছে। মটোরোলার আগের ফোল্ডেবল মডেল রেজর ফোল্ডের রং ও ফিনিশের সঙ্গে নতুন ছবিতে দেখা নকশার বেশ পার্থক্য রয়েছে। ফলে প্রকাশিত ছবিগুলো চূড়ান্ত পণ্যের নকশা কি না, তা নিশ্চিত নয়।
সেপ্টেম্বরের টিজার ভিডিওতে নতুন ফোল্ডেবল ফোনের ইঙ্গিত দিলেও পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মটোরোলা। ফলে রেজর ফ্লেক্স নাম, সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম—সবই আপাতত ফাঁস হওয়া তথ্য ও গুঞ্জনের পর্যায়ে রয়েছে।



















