স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৭’ (Galaxy S27) সিরিজ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ফোনগুলোর ডিজাইন রেন্ডার ও ডামি ইউনিটের ছবি প্রকাশের পর এবার সিরিজের চারটি মডেলের সুরক্ষা কেসের ভিডিও প্রকাশ করেছে অ্যাক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান থিনবোর্ন (Thinborne)। এতে আসন্ন সিরিজের মডেল সংখ্যা এবং ক্যামেরা মডিউলের সম্ভাব্য নকশা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
গত ২৪ নভেম্বর থিনবোর্ন তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে। সেখানে গ্যালাক্সি এস২৭ সিরিজের চারটি মডেলের জন্য তৈরি সুরক্ষা কেস দেখানো হয়েছে।
সিরিজে থাকতে পারে চারটি মডেল
ভিডিও অনুযায়ী, গ্যালাক্সি এস২৭ সিরিজে থাকতে পারে চারটি সংস্করণ—গ্যালাক্সি এস২৭, এস২৭ প্লাস, এস২৭ প্রো এবং এস২৭ আল্ট্রা। তবে স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে মডেলগুলোর নাম বা সংখ্যা নিশ্চিত করেনি।
প্রো ও আল্ট্রা মডেলে বদলাতে পারে ক্যামেরার নকশা
প্রকাশিত কেসের নকশা এবং আগের বিভিন্ন গুঞ্জন থেকে ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস২৭ প্রো ও এস২৭ আল্ট্রার পেছনের ক্যামেরা মডিউলে বড় পরিবর্তন আনতে পারে স্যামসাং।
গুঞ্জন অনুযায়ী, এই দুই মডেলে বড় আকারের অনুভূমিক ক্যামেরা প্লেটো বা আইল্যান্ড থাকতে পারে। এতে তিনটি ক্যামেরা সেন্সর বসানো হতে পারে। নকশাটি সাম্প্রতিক আইফোনের ক্যামেরা মডিউলের কথা মনে করিয়ে দিতে পারে।
এদিকে গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় ক্যামেরা সেন্সরের সংখ্যাও কমতে পারে বলে দাবি করা হচ্ছে। বর্তমান মডেলের তুলনায় একটি ক্যামেরা সেন্সর বাদ দেওয়ার পাশাপাশি লেজার অটোফোকাস মডিউলও সরিয়ে নেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
তবে কেসের নকশা থেকে ফোনের চূড়ান্ত ডিজাইন বা ক্যামেরার সংখ্যা নিশ্চিত হওয়া যায় না। স্যামসাংয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত গ্যালাক্সি এস২৭ সিরিজের নকশা, মডেল কিংবা ক্যামেরা-সংক্রান্ত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।



















