চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন তৈরি করে না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ, আমদানি শুল্ক এড়ানো এবং স্থানীয় বাজারের চাহিদা পূরণে একাধিক দেশে উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। চীনের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল ও মিসরের মতো দেশে তৈরি হচ্ছে অপোর স্মার্টফোন। কোথাও নিজস্ব কারখানায়, আবার কোথাও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চলছে উৎপাদন।
অপোর ফোনের নকশা ও প্রকৌশলগত উন্নয়নের প্রধান কার্যক্রম চীনে সম্পন্ন হয়। তবে ফোনের যন্ত্রাংশ সংগ্রহ ও চূড়ান্ত সংযোজনের কাজ বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির বৈশ্বিক উৎপাদন কৌশল। অনেক দেশে সম্পূর্ণ তৈরি স্মার্টফোন আমদানিতে উচ্চ শুল্ক দিতে হয়। তাই যন্ত্রাংশ আলাদাভাবে পাঠিয়ে স্থানীয় কারখানায় ফোন সংযোজন করলে উৎপাদন ব্যয় ও আমদানি শুল্কের চাপ কমানো সম্ভব হয়।
উদাহরণ হিসেবে, ভারতে সম্পূর্ণ তৈরি স্মার্টফোন আমদানিতে শুল্কের বাধা রয়েছে। এ কারণে অপোসহ বিভিন্ন নির্মাতা সেখানে যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়িয়েছে।
ফোনের যন্ত্রাংশ আসে বিভিন্ন দেশ থেকে
অপোর স্মার্টফোনের সব যন্ত্রাংশ একই দেশে তৈরি হয় না। বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের কাছ থেকে চিপসেট, ক্যামেরা সেন্সর, ডিসপ্লে ও অন্যান্য উপাদান সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
যেমন, কোয়ালকমের চিপসেট এবং জাপানের সনির তৈরি ক্যামেরা সেন্সর অপোর বিভিন্ন স্মার্টফোনে ব্যবহৃত হয়। ডিসপ্লের ক্ষেত্রে চীন ও দক্ষিণ কোরিয়ার নির্মাতারা গুরুত্বপূর্ণ সরবরাহকারী। ফলে একটি ফোনের নকশা চীনে তৈরি হলেও এর যন্ত্রাংশ একাধিক দেশ থেকে আসতে পারে। পরে নির্দিষ্ট বাজারের জন্য সংশ্লিষ্ট দেশের কারখানায় সেগুলো সংযোজন করা হয়।
ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে উৎপাদন
অপোর উৎপাদন নেটওয়ার্কে ভারত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দেশটির গ্রেটার নয়ডায় কারখানায় স্মার্টফোন সংযোজন করা হয়। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেও কারখানাটির সম্প্রসারণ করা হয়েছে। ২০২১ সালে কারখানাটির সম্প্রসারণের পর উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।
ইন্দোনেশিয়াতেও রয়েছে অপোর উৎপাদন কার্যক্রম। দেশটির স্থানীয় নীতিমালা অনুযায়ী, স্মার্টফোন নির্মাতাদের নির্দিষ্ট পরিমাণ স্থানীয় উপাদান ব্যবহার করতে হয়। এই শর্ত পূরণে অপো স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে যন্ত্রাংশ সংগ্রহ বাড়িয়েছে। ফলে দেশটির কারখানায় শুধু কম দামের ফোন নয়, উন্নত প্রযুক্তির ফ্ল্যাগশিপ মডেলও সংযোজনের সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানে মূলত স্থানীয় বাজারের জন্য স্মার্টফোন তৈরি ও সংযোজন করা হয়। এ ধরনের স্থানীয় উৎপাদন আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বাজারে পণ্য সরবরাহ সহজ করে।
তুরস্কে কারখানা পরিচালনায় পরিবর্তন
তুরস্কের ইস্তাম্বুলে অপোর একটি উৎপাদন কারখানা ছিল। তবে বর্তমানে কারখানাটির ব্যবস্থাপনা সরাসরি অপোর নিয়ন্ত্রণে নেই। স্থানীয় প্রতিষ্ঠান এজিএম এ.এস. (AGM A.S.) এর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অংশীদারত্বের ভিত্তিতে সেখানে অপোর প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন সংযোজন এবং বিক্রয়-পরবর্তী সেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ সরাসরি কারখানা পরিচালনা না করেও স্থানীয় অংশীদারের মাধ্যমে তুরস্কের বাজারে উৎপাদন ও সেবার কার্যক্রম ধরে রেখেছে অপো।
বাংলাদেশেও তৈরি হচ্ছে অপোর ফোন
অপোর উৎপাদন নেটওয়ার্কে বাংলাদেশেরও অংশ রয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে অপোর স্মার্টফোন সংযোজন করা হচ্ছে। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কারখানাটিতে ১০ লাখ স্মার্টফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এ ধরনের স্থানীয় উৎপাদন দেশের স্মার্টফোন বাজারে সরবরাহ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশেও ভূমিকা রাখতে পারে।
ব্রাজিল ও মিসরেও উৎপাদন সম্প্রসারণ
ব্রাজিলের বাজারে প্রবেশের শুরুতে চীন থেকে স্মার্টফোন আমদানি করত অপো। তবে ২০২৪ সালে দেশটির প্রতিষ্ঠান দ্য মাল্টি গ্রুপের (The Multi Group) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রম শুরু করে। এতে ফোনের যন্ত্রাংশ সংযোজন ও বাজারজাতকরণের কাজ একই উৎপাদনব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মিসরে স্মার্টফোন উৎপাদনের কারখানা চালু করে অপো। এ প্রকল্পে প্রায় ৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। কারখানাটিতে প্রায় ২ হাজার কর্মী কাজ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উৎপাদন লাইন সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। মিসর সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত এই কারখানায় ২০২৬ সাল থেকে বছরে প্রায় ৫০ লাখ স্মার্টফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন বিভিন্ন দেশে ফোন তৈরি করছে অপো?
একাধিক দেশে উৎপাদন কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পেছনে অপোর কয়েকটি ব্যবসায়িক লক্ষ্য রয়েছে। প্রথমত, স্থানীয় কারখানায় যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে আমদানি শুল্ক ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে উৎপাদন করলে বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ফোন সরবরাহ করা সম্ভব হয়। তৃতীয়ত, কোনো একটি দেশের ওপর উৎপাদন নির্ভরতা কমিয়ে সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবিলা করা যায়।
এ ছাড়া বিভিন্ন দেশের স্থানীয় উৎপাদন নীতিমালা ও বিনিয়োগ সুবিধা কাজে লাগানোর সুযোগও রয়েছে। ফলে অপোর উৎপাদন কৌশল এখন আর শুধু চীনকেন্দ্রিক নয়; বরং আঞ্চলিক বাজার ও স্থানীয় অংশীদারত্বকে গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে।
সব মিলিয়ে, অপোর স্মার্টফোনের নকশা ও প্রযুক্তিগত উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ থাকলেও উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল ও মিসরসহ বিভিন্ন দেশ যুক্ত হয়েছে। এতে বাংলাদেশের মতো বাজারও বৈশ্বিক স্মার্টফোন উৎপাদন নেটওয়ার্কের অংশ হয়ে উঠছে।




















