যমুনা ফিউচার পার্কের একটি দোকানে প্রায় দুই মাস কাজ করার পর চুরির অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেছেন মেহেদী হাসান নামের এক কর্মী। তাঁর অভিযোগ, চুরির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। একই সঙ্গে দুই মাসের কাজের পারিশ্রমিক বাবদ পাওনা ৩৫ হাজার ২০০ টাকা চাইতে গিয়েও তা পাননি তিনি।
মেহেদী হাসানের ভাষ্য, রাজধানীর যমুনা ফিউচার পার্কের লেভেল-৪, ব্লক-ডি, দোকান নম্বর ২২/এ-তে অবস্থিত ‘জারা ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানে প্রায় দুই মাস কাজ করেছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে চাকরি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তাঁকে কোনো উপযুক্ত প্রমাণ দেখানো হয়নি বলে দাবি তাঁর।
মেহেদী জানান, দুই মাসের কাজের বিপরীতে তাঁর ৩৫ হাজার ২০০ টাকা বেতন বকেয়া রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে দোকান কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন তিনি। এমনকি যমুনা ফিউচার পার্কের অন্য কোনো দোকানেও তাঁকে চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
মার্কেট কমিটির কাছেও অভিযোগ, মেলেনি সমাধান
মেহেদী হাসানের অভিযোগ, বকেয়া বেতন আদায়ে তিনি যমুনা ফিউচার পার্কের মার্কেট কমিটির কাছেও বিচার চেয়েছিলেন। কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি। পাওনা টাকা চাইতে একাধিকবার মার্কেটে গেলে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে মেহেদী বলেন, তাঁর সংসার রয়েছে এবং ছোট একটি সন্তান আছে। আর্থিক সংকটের কারণে সন্তানের দুধ কেনাও কঠিন হয়ে পড়েছে। দুই মাসের পরিশ্রমের টাকা না পাওয়ায় পরিবার নিয়ে চরম অসুবিধায় দিন কাটাচ্ছেন তিনি।
মেহেদীর ভাষ্য, কারও সঙ্গে বিরোধে জড়ানো বা কারও ক্ষতি করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি শুধু তাঁর পাওনা ৩৫ হাজার ২০০ টাকা বুঝে পেতে চান এবং নিজের সম্মান ফিরে পেতে চান।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, চুরির অভিযোগ করা হলে তার প্রমাণ দেখানো হবে না কেন এবং কাজের পারিশ্রমিক আটকে রাখা হবে কেন?


















