ফিনল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া আবারও স্মার্টফোন বাজারে শক্তিশালীভাবে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন অংশীদার খোঁজার একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যদিও পোস্টটি কিছু সময় পরই সরিয়ে ফেলা হয়।
নকিয়ার একজন কমিউনিটি ম্যানেজার সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একটি ফোরামে লেখেন, বড় আকারের মোবাইল ফোন নির্মাতারা চাইলে নকিয়ার সঙ্গে অংশীদার হতে পারেন। আগ্রহীদের জন্য একটি লিংকও যুক্ত করা হয়। পোস্টটি দ্রুত মুছে ফেলা হলেও প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এটি নকিয়ার ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় ইঙ্গিত।
কেন নতুন অংশীদার প্রয়োজন?
বর্তমানে ফিনল্যান্ডের আরেকটি প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল (HMD Global)-এর সঙ্গে চুক্তির অধীনে নকিয়ার স্মার্টফোন তৈরি হয়। এই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হতে চলেছে। এরই মধ্যে এইচএমডি জানিয়েছে, তারা নকিয়ার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের ফোন তৈরিতে মনোযোগ দিতে আগ্রহী। এই পরিস্থিতিতে নকিয়ার জন্য নতুন অংশীদার খুঁজে বের করা অপরিহার্য হয়ে পড়েছে।
সম্ভাব্য অংশীদার কারা?
বিশ্লেষকদের ধারণা, অতীতে নকিয়ার ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন (Foxconn) বা উইংটেক (Wingtech) আবারও তাদের সম্ভাব্য অংশীদার হতে পারে।
এইচএমডির অধীনে তৈরি কিছু টেকসই ফোন, যেমন নকিয়া এক্সআর২১, পরিচিতি পেলেও সফটওয়্যার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রায়ই সমালোচিত হয়েছে। তাই নতুন ও শক্তিশালী কোনো অংশীদারের সঙ্গে চুক্তি নকিয়ার পুরনো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে এবং বাজারে পুনরায় প্রতিযোগিতা করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রেডিটের পোস্টটি স্বল্পস্থায়ী এবং কিছুটা অপেশাদার হলেও এটি স্পষ্ট যে নকিয়া তাদের স্মার্টফোন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে নতুন পথ খুঁজছে।






















