স্মার্টফোন ব্র্যান্ড অনার তাদের চীনে উন্মোচিত অনার এক্স৭০ এর আন্তর্জাতিক সংস্করণ অনার এক্স৯ডি উন্মোচন করেছে। এই স্মার্টফোনের বিশেষত্ব হলো এর বিশাল ৮,৩০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি এবং আইপি৬৯কে রেটিং, যা উচ্চ তাপমাত্রার চাপযুক্ত পানির জেট প্রতিরোধ করতে সক্ষম। এক্স৭০–এর তুলনায় এই মডেলটির একমাত্র পরিবর্তন হলো অপেক্ষাকৃত ধীরগতির ৬৬ ওয়াট ওয়্যারড চার্জিং। খবর জিএসএম এরিনা।
ফোনটিতে রয়েছে ৬.৭৯ ইঞ্চি এএমওএলইডি ডিসপ্লে (ফুলএইচডি+, ১২০হার্টজ), যা সর্বোচ্চ ৬,০০০ নিটস উজ্জ্বলতা দিতে পারে। এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট, সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি স্টোরেজ। টেকসই নকশার জন্য ফোনটিতে শক-অ্যাবজর্ভিং ফ্রেম যুক্ত করা হয়েছে।
ক্যামেরা মডিউলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সফটওয়্যার হিসেবে ফোনটি চালিত হবে ম্যাজিকওএস ৯.০ দিয়ে, যা অ্যান্ড্রয়েড ১৫–এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
রঙের মধ্যে রয়েছে রেডিশ ব্রাউন, মিডনাইট ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং ফরেস্ট গ্রিন। মালয়েশিয়ার বাজারে উন্মোচিত ফোনটির ১২/২৫৬ জিবি সংস্করণের দাম ১,৪৯৯ রিঙ্গিত (প্রায় ৩৫৬ ডলার) এবং ৫১২ জিবি সংস্করণের দাম ১,৬৯৯ রিঙ্গিত (প্রায় ৪০৩ ডলার)। ফোনটির প্রি-অর্ডার চলবে ৯ অক্টোবর পর্যন্ত এবং এর সঙ্গে বিনামূল্যে অনার প্যাড এক্স৭ ট্যাবলেট দেওয়া হবে বলে খবরে বলা হয়।






















