স্মার্টফোন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেক ব্যবহারকারীর ফোনের হোম স্ক্রিন অ্যাপ আইকন দিয়ে ভরে যায়, যা ফোন ব্যবহারের ক্ষেত্রে অস্বস্তির সৃষ্টি করে। এক্ষেত্রে উইজেট একটি সহজ ও কার্যকর সমাধান। হোম স্ক্রিনে থাকা এ ছোট অ্যাপগুলো ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য ও ফিচার এক নজরে দেখার সুযোগ করে দেয়, অ্যাপ খুঁজে খুঁজে খুলতে হয় না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অব (এমইউও) কিছু গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড উইজেটের কথা তুলে ধরেছে, যেগুলো ব্যবহার করলে ফোন আরো কার্যকর ও সহজ হবে। এমনই ছয়টি অ্যান্ড্রয়েড উইজেট নিয়ে এখানে আলোচনা করা হলো—
গুগল ক্লক
গুগল ক্লক উইজেট একটি সাধারণ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় টুল। এটি ব্যবহারকারীদের সময় স্পষ্টভাবে দেখায়, অ্যালার্ম সেট করা যায় এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। ফোনের মডেল বা অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর এটি ভিন্নভাবে দেখা যেতে পারে, তবে মূল কার্যকারিতা সবসময় একই থাকে।
গুগল ক্যালেন্ডার
গুগল ক্যালেন্ডার উইজেট ব্যবহারকারীদের মাসের পরিকল্পনা এক নজরে দেখার সুযোগ দেয়। মাসের ভিউর ক্ষেত্রে উইজেটটি বিশেষভাবে কার্যকর, যা আগাম অনুষ্ঠান, ছুটি ও জন্মদিনসহ গুরুত্বপূর্ণ তারিখ দেখায়। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তারিখে ক্লিক করলে বিস্তারিত তথ্য পেতে পারেন।
গুগল কিপ নোটস
গুগল কিপ ব্যবহার করে হোম স্ক্রিন থেকে সরাসরি নোট নেয়া, নোটগুলো দেখা বা ব্যবহার করা যায়। একই সঙ্গে নতুন নোটও যোগ করা যায়। লেবেল অনুযায়ী নোট ফিল্টার করা যায়, যা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পেতে সহায়ক।
শাজাম
শাজামের মিউজিক ডিটেকশন উইজেটের মাধ্যমে যেকোনো সময় বাজতে থাকা গান শনাক্ত করা যায়। একটিমাত্র ট্যাপে গান শনাক্ত হয়, যা অ্যাপ খোলার বা গুগল সার্চ ব্যবহার করার চেয়ে অনেক দ্রুত কাজ করে।
টিকটিক
টিকটিক হলো একটি প্রডাক্টিভিটি অ্যাপ, যা অনেক উইজেট ব্যবহারকারীদের কাজ, অভ্যাস ও ফোকাস সময় ট্র্যাক করতে সাহায্য করে। ফোকাস, কাউন্টডাউন ও হ্যাবিট হিট ম্যাপ উইজেটগুলো হোম স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্য দেখায় এবং ব্যবহারকারীদের নিয়ম মেনে চলতে সাহায্য করে।
ওভারড্রপ
ওভারড্রপের ওয়েদার উইজেট আবহাওয়া তথ্য প্রদর্শনে খুবই কার্যকর। এগুলো তাপমাত্রা, বাতাসের গতি, বৃষ্টিপাত, এয়ার কোয়ালিটি, তারিখ ও সময় এক নজরে দেখায়। একটি উইজেট অনেকগুলো ওয়েদার অ্যাপের কাজ একসঙ্গে করতে পারে।
উইজেট শুধু দেখানোর জন্য নয়, বরং ফোন ব্যবহারে সহায়ক হিসেবে কাজ করে। কয়েকটি প্রয়োজনীয় উইজেট ব্যবহার করলে দৈনন্দিন কাজ দ্রুত ও সহজ হয় এবং অ্যাপ খুঁজে খুঁজে সময় নষ্ট হয় না। সঠিকভাবে উইজেট ব্যবহার করে যেকোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী একটি স্মার্ট, কার্যকর ও গোছালো হোম স্ক্রিন তৈরি করতে পারেন।






















