আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের মোট ৩৭ হাজার ৫২২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে অনুমোদনের অপেক্ষায় আছেন ১৭৪ জন। নিবন্ধনকারীদের মধ্যে ৩২হাজার ১০১ জন পুরুষ ভোটার। ৫ হাজার ৪২১জন নারী ভোটার।
অপরদিকে জেলা অনুযায়ী একই সময়ে ৩৭ হাজার ৫৫৯ জন আবেদনকারীর মধ্যে নিবন্ধনের অনুমোদন পেয়েছে ৩৭ হাজার ৩৮৫জন। আবেদনকারীদের মধ্যে ৩২ হাজার ১০০ জন পুরুষ এবং মহিলা ৫ হাজার ৪২৯ জন।
অনলাইনে নিবন্ধিত ভোটারের মধ্যে নির্বাচন আসন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে সর্বোচ্চ ৮২৭ জন নিবন্ধিত হয়েছেন। তবে জেলা হিসাবে সর্বোচ্চ নিবন্ধিত ভোটার ঢাকায় ৭ হাজার ৯৮৪ জন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৬০৫ জন, যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৯৭৩ জন, জাপানে ৫ হাজার ৮৯৩ জন, কানাডায় ৪ হাজার ২২০ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৮১৫ জন, অস্ট্রেলিয়ায় ৩ হাজার ৩৫৬ জন, চীনে ১ হাজার ৫৭৬ জন ও মিশরে ৭৪৫ জন ভোটার রয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ছাড়া দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে।
ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে।
১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
প্রথম ধাপের নিবন্ধন ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীদের জন্য হয়েছে।
পরবর্তী ধাপে ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ভোটার নিবন্ধন চলবে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইলফোন নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে ভোট প্রদান করবেন।
ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালটপ্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।





















