এক প্ল্যাটফর্ম থেকেই একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের সুযোগ দিতে ‘ওয়ানএআই’ সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।
মাইজিপি অ্যাপে যুক্ত হওয়া এ সেবার মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা একটি ইন্টারফেস ও সাবস্ক্রিপশনের আওতায় চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক ও জেমিনাইসহ বিভিন্ন এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত ‘এআই অ্যান্ড আই ডে’ অনুষ্ঠানে জিপি হাউসে ওয়ানএআই সেবার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা টিম ও কর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক প্ল্যাটফর্মে একাধিক এআই
গ্রামীণফোনের ভাষ্য, আলাদা আলাদা এআই প্ল্যাটফর্ম ও সাবস্ক্রিপশন ব্যবহারের প্রয়োজনীয়তা কমাতেই ওয়ানএআই চালু করা হয়েছে। এর মাধ্যমে পড়াশোনা ও গবেষণা, কনটেন্ট তৈরি, কোডিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সৃজনশীল কাজ, ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে এআই ব্যবহার করা যাবে।
গ্রাহকরা মাইজিপি অ্যাপ থেকেই ওয়ানএআইয়ের পছন্দের প্যাকেজ কিনতে পারবেন। এর জন্য মোবাইল ব্যালেন্স ব্যবহার করার সুবিধাও রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য মাসিক প্যাকেজ ৭১ টাকা থেকে
শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিশেষ প্যাকেজও চালু করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের প্যাকেজের দাম শুরু হচ্ছে মাসে ৭১ টাকা থেকে। এতে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি এবং কোডিং সহায়তার সুবিধা পাওয়া যাবে।
এআইকে আরও সহজলভ্য করার লক্ষ্য
উদ্বোধনী অনুষ্ঠানে রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনেও এআইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সেবা দেশে এআই ব্যবহারের বিস্তার এবং ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি গ্রাহকদের কাছেও এআই প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার ফলে বিশেষ করে শিক্ষার্থীদের শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানে এআই ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।
গ্রামীণফোন জানিয়েছে, গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমেও তরুণদের এআই দক্ষতা তৈরিতে কাজ করছে তারা।





















