দেশের টেলিযোগাযোগ খাতের দীর্ঘদিনের স্তরভিত্তিক লাইসেন্সিং জটিলতা কমিয়ে আধুনিক, বিনিয়োগবান্ধব ও জনবান্ধব কাঠামো গড়তে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান ‘Telecommunications Network and Licensing Policy, 2025’ পর্যালোচনা করে ‘Telecommunications Network and Licensing Policy, 2026’-এর খসড়া তৈরিতে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে খসড়া প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব (টেলিকম) কমিটির আহ্বায়ক এবং বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (টেলিকম) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পরিচালক বা তদূর্ধ্ব পর্যায়ের একজন প্রতিনিধি, টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডট) পরিচালক বা তদূর্ধ্ব পর্যায়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মহাব্যবস্থাপক বা তদূর্ধ্ব পর্যায়ের একজন প্রতিনিধি।
আইনি কাঠামো ও নির্বাচনী ইশতেহার পর্যালোচনা
অফিস আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। কমিটি বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (২০০১ সালের ১৮ নম্বর আইন), সদ্য পাস হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০২৬, সচিবালয় নির্দেশমালা ২০২৪, রুলস অব বিজনেস ১৯৯৬ (২০২৬ সালের সংশোধনীসহ) এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার সামগ্রিকভাবে পর্যালোচনা করবে।
এসব আইনি কাঠামো ও জাতীয় রূপকল্পের ভিত্তিতে একটি আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব ‘Telecommunications Network and Licensing Policy, 2026’-এর পূর্ণাঙ্গ খসড়া তৈরি করতে হবে। এ জন্য কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
৩০টির বেশি লাইসেন্স কমিয়ে কয়েকটি স্তরে আনার পরিকল্পনা
খাতসংশ্লিষ্ট ও নিয়ন্ত্রক সংস্থার সূত্রে জানা গেছে, আগের প্রস্তাবিত ও প্রণীত নীতিমালার বিভিন্ন অসংগতি দূর করে টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবস্থাপনাকে যুগোপযোগী করাই নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য।
প্রস্তাবিত সংস্কারে বিদ্যমান ৩০টিরও বেশি স্তরভিত্তিক ও খণ্ডিত লাইসেন্সের পরিবর্তে পুরো টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে কয়েকটি প্রধান লাইসেন্সিং স্তরে বিন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি এবং ইন্টারন্যাশনাল গেটওয়ে/কানেক্টিভিটি।
এ ছাড়া ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর এসব সেবাকে একক পাইপলাইনে একীভূত করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত কাঠামোয় ফাইবারাইজেশন ও সক্রিয় অবকাঠামো ভাগাভাগি বাধ্যতামূলক করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। কৃত্রিমভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট করা ঠেকাতে আইনি বাধ্যবাধকতা এবং টেলিযোগাযোগ খাতের বিভিন্ন স্তরে একই পরিবারের নিয়ন্ত্রণ বা মালিকানার বিস্তার রোধে কঠোর বিধিমালা রাখার পরিকল্পনাও রয়েছে।
সেবার মান ও বিনিয়োগে গুরুত্ব
নতুন নীতিমালার মাধ্যমে টেলিযোগাযোগ অপারেটরদের সেবার মান (QoS) উন্নয়ন এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানোর পাশাপাশি অবকাঠামো ব্যবহারে দক্ষতা বাড়ানোর প্রত্যাশা করছে মন্ত্রণালয়। একই সঙ্গে স্বচ্ছ ও সরাসরি বিনিয়োগের সুযোগ তৈরি করে খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করাও এ সংস্কারের লক্ষ্য।
তবে প্রস্তাবিত লাইসেন্সিং কাঠামো, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স একীভূত করার প্রক্রিয়া এবং বিভিন্ন বিধিনিষেধের চূড়ান্ত রূপ নির্ভর করবে কমিটির সুপারিশ ও পরবর্তী নীতিগত সিদ্ধান্তের ওপর।




















