চীনের বাজারে নতুন পার্পল রঙে উন্মোচন করা হয়েছে শাওমির জনপ্রিয় পোর্টেবল স্পিকার ‘শাওমি ব্লুটুথ স্পিকার সি’। নতুন রঙের ভ্যারিয়েন্টটির প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা।
তবে রঙের পরিবর্তন ছাড়া স্পিকারটির হার্ডওয়্যার ও অন্যান্য ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ব্ল্যাক সংস্করণের মতোই নতুন ভ্যারিয়েন্টে থাকছে ফেব্রিক-র্যাপড ডিজাইন ও একই কারিগরি স্পেসিফিকেশন।
কম্প্যাক্ট ডিজাইন, আইপি৬৮ সুরক্ষা
শাওমি ব্লুটুথ স্পিকার সি-তে রয়েছে কম্প্যাক্ট সিলিন্ডার আকৃতির ডিজাইন। স্পিকারটির ওজন ৪১৫ গ্রাম এবং সহজে বহনের জন্য রয়েছে বিল্ট-ইন সিলিকন স্ট্র্যাপ।
ধুলো ও পানি থেকে সুরক্ষায় ডিভাইসটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং। ফলে আউটডোর বা সুইমিং পুলের পাশে ব্যবহারের ক্ষেত্রেও এটি বেশ কার্যকর।
১৮ ওয়াট ড্রাইভার ও শক্তিশালী বেস
শাওমি ব্লুটুথ স্পিকার সি-তে রয়েছে ১৮ ওয়াটের ফুল-রেঞ্জ ড্রাইভার। শক্তিশালী বেসের জন্য ব্যবহার করা হয়েছে দুটি প্যাসিভ রেডিয়েটর।
স্পিকারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৭৫ হার্জ থেকে ২০ কিলোহার্জ এবং সিগন্যাল-টু-নয়েজ রেশিও ৯৫ ডেসিবেল।
গানের তালে জ্বলবে এলইডি লাইট
স্পিকারের ওপরের ও নিচের অংশে রয়েছে দুটি এলইডি লাইট রিং। গানের তালের সঙ্গে মিল রেখে লাইটগুলো জ্বলে উঠবে। ব্যবহারকারীরা ফিজিক্যাল বাটনের মাধ্যমে লাইটের রং পরিবর্তন করতে পারবেন।
এতে রিপল, বিট এবং কনস্ট্যান্ট-অন—এই তিনটি লাইটিং মোড থাকছে।
ব্লুটুথ ৬.০ ও অরাকাস্ট
কানেক্টিভিটির জন্য শাওমি ব্লুটুথ স্পিকার সি-তে ব্যবহার করা হয়েছে Bluetooth 6.0। দুটি স্পিকার একসঙ্গে যুক্ত করে TWS স্টেরিও সাউন্ড উপভোগ করা যাবে।
এছাড়া Auracast প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ১০০টি সামঞ্জস্যপূর্ণ স্পিকার একসঙ্গে যুক্ত করে বড় সাউন্ড সিস্টেম তৈরি করা সম্ভব। বিল্ট-ইন মাইক্রোফোন থাকায় স্পিকারটি স্পিকারফোন হিসেবেও ব্যবহার করা যাবে।
১৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ
স্পিকারটিতে রয়েছে ২,৬০০ mAh ব্যাটারি। শাওমির দাবি, একবার চার্জে সর্বোচ্চ ১৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ব্যাকআপ পাওয়া যাবে।
তবে এই ব্যাকআপ পেতে ভলিউম ৪০ শতাংশের মধ্যে রাখতে হবে এবং এলইডি লাইট বন্ধ রাখতে হবে।
বর্তমানে বিশ্ববাজারে শাওমি ব্লুটুথ স্পিকার সি সাদা ও সবুজ রঙেও পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চীনের বাজারেও শিগগিরই এই রঙগুলো আনা হতে পারে।



















