টেকসই ও স্বল্পমূল্যের ফিচার ফোনের বাজারকে লক্ষ্য করে নতুন নোকিয়া ১২৩ শিল্ড (Nokia 123 Shield) উন্মোচন করেছে এইচএমডি (HMD)। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের সবচেয়ে সাশ্রয়ী আইপি৬৫ রেটিংপ্রাপ্ত ফিচার ফোন, যা ধুলাবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষা দিতে সক্ষম।
ফোনটি বিশেষ করে নির্মাণশ্রমিক, মাঠপর্যায়ের কর্মী এবং আউটডোর ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। এর বডিতে রয়েছে অ্যান্টি-স্লিপ টেক্সচার এবং চার্জিং ও হেডফোন পোর্টে ব্যবহার করা হয়েছে রাবার সিল।
নোকিয়া ১২৩ শিল্ডে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ (QVGA) ডিসপ্লে, ইউনিসক (Unisoc) চিপসেট এবং এস৩০+ (S30+) অপারেটিং সিস্টেম। এতে ৪ এমবি র্যাম ও ৪ এমবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে একটি কিউভিজিএ ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ রয়েছে। এই ফ্ল্যাশটি টর্চ হিসেবেও ব্যবহার করা যাবে, যা কোম্পানির দাবি অনুযায়ী নোকিয়া ১১০-এর তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি উজ্জ্বল।
বিদ্যুৎ সরবরাহের জন্য এতে রয়েছে ১,৭৫০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (mAh) অপসারণযোগ্য ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। একবার পূর্ণ চার্জে ফোনটি ২৭.৯ ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং ১৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ দিতে সক্ষম বলে জানিয়েছে এইচএমডি।
এছাড়া ফোনটিতে ডুয়াল সিম, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, তারযুক্ত ও তারবিহীন এফএম রেডিও এবং উন্নত ২জি কলিং সুবিধা রয়েছে।
সবুজ ও বেগুনি—এই দুটি রঙে উন্মোচিত নোকিয়া ১২৩ শিল্ডের বৈশ্বিক মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ইউরোপের বুলগেরিয়ায় প্রায় ৩৫ ইউরো এবং গ্রিসে প্রায় ৪০ ইউরো দামে ফোনটি বিক্রি হতে দেখা গেছে।




















