চীনের বাজারে উন্মোচনের একদিন পরই শাওমির সাব-ব্র্যান্ড রেডমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজ ‘রেডমি কে১০০ প্রো’ ও ‘রেডমি কে১০০ প্রো ম্যাক্স’-এর হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রকাশ করেছেন প্রযুক্তি পর্যালোচকরা।
প্রথম দিকের পর্যালোচনায় ফোন দুটির বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ক্যামেরা ব্যবস্থার উন্নতি বিশেষভাবে নজর কেড়েছে।
দুটি মডেলেই আগের প্রজন্মের ধাতব ফ্রেম ও গ্লাস ব্যাক ডিজাইনের ধারাবাহিকতা রয়েছে। ধুলো ও পানি প্রতিরোধে রয়েছে IP68 ও IP69 রেটিং। NFC এবং ইনফ্রারেড ব্লাস্টারও রাখা হয়েছে। তবে সাধারণ কে১০০ প্রো মডেলে USB Type-C 2.0 পোর্ট ব্যবহারের বিষয়টি কিছুটা হতাশাজনক বলে মনে করছেন পর্যালোচকরা।
বোসের অডিও প্রযুক্তি
কে১০০ প্রো ম্যাক্স মডেলে অডিও ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছে রেডমি। বোসের সঙ্গে যৌথভাবে তৈরি ২.১ চ্যানেলের স্পিকার সিস্টেমে রয়েছে একটি আলাদা রিয়ার সাবউফার। ক্যামেরা মডিউলের পাশের এই সাবউফারের সঙ্গে নিচের দিকে এলইডি অ্যাকসেন্টও রয়েছে।
অন্যদিকে কে১০০ প্রো মডেলে উন্নত স্টেরিও স্পিকার থাকলেও আলাদা সাবউফার নেই।
দুই ধরনের স্ন্যাপড্রাগন চিপ
পারফরম্যান্সের জন্য কে১০০ প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। আর কে১০০ প্রো মডেলে রয়েছে Snapdragon 8 Elite Gen 5V।
কাট-ডাউন সংস্করণের চিপটিতে GPU কম্পিউট ইউনিট ও ক্যাশের পরিমাণ কিছুটা কম হলেও ভারী অ্যাপ ও গেম চালানোর ক্ষেত্রে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
১৮৫ হার্টজের AMOLED ডিসপ্লে
গেমিং ও দ্রুতগতির ভিজ্যুয়াল কনটেন্টের জন্য দুই ফোনেই রয়েছে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে।
রেডমির দাবি, নতুন RGB S-Strip পিক্সেল বিন্যাস ও উন্নত উপকরণ ব্যবহারের ফলে ডিসপ্লের ছবি আরও পরিষ্কার হওয়ার পাশাপাশি বিদ্যুৎ খরচও কমবে।
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
দুটি মডেলের পেছনেই প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে ২০০ মেগাপিক্সেলের OIS-সমর্থিত সেন্সর।
কে১০০ প্রো ম্যাক্সে এর সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ৫x পেরিস্কোপ টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেলের ১৭ মিমি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
কে১০০ প্রো মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা প্রায় ১০ সেন্টিমিটার দূরত্ব থেকেও ম্যাক্রো ছবি তুলতে পারে।
৯,০৭০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি
ব্যাটারির দিক থেকে সিরিজটির সবচেয়ে বড় চমক কে১০০ প্রো ম্যাক্স। এতে রয়েছে ৯,০৭০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি। সাধারণ কে১০০ প্রো মডেলে ব্যাটারির সক্ষমতা ৮,৫৮০ এমএএইচ।
বড় ব্যাটারি হলেও চার্জিংয়ের ক্ষেত্রে দুই মডেলেই রয়েছে ১০০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফোনের সঙ্গে ১০০ ওয়াটের চার্জার ও একটি সুরক্ষা কেসও দেওয়া হচ্ছে।
বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সমন্বয়ে রেডমি কে১০০ প্রো সিরিজকে পারফরম্যান্সনির্ভর ফ্ল্যাগশিপ বাজারে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রাখতে চাইছে শাওমির সাব-ব্র্যান্ডটি।





















