ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মাঝারি ও বাজেট—বিভিন্ন শ্রেণির ক্রেতার কথা মাথায় রেখে ২০২৬ সালে বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপ্পো। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধার পাশাপাশি ভাঁজযোগ্য ফোনের নকশাতেও নতুনত্ব আনার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার তালিকা ও মূল্যায়নের ভিত্তিতে ২০২৬ সালে বিভিন্ন প্রয়োজন ও বাজেটের জন্য উল্লেখযোগ্য ওপ্পো স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে Find X9 Pro, Find X9 Ultra, Find N6, Reno 16 Pro 5G এবং A6x 5G।
সার্বিকভাবে সেরা: Oppo Find X9 Pro
বিভিন্ন দিক বিবেচনায় ওপ্পোর সেরা অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছে Find X9 Pro। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500 চিপসেট।
ক্যামেরা বিভাগে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP5 সেন্সরযুক্ত Hasselblad পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। এর সঙ্গে আলাদা টেলিফটো এক্সটেন্ডার লেন্স যুক্ত করলে জুম সক্ষমতা প্রায় ১০x পর্যন্ত বাড়ানো যায়। মূল ও আল্ট্রাওয়াইড ক্যামেরা—দুটিই ৫০ মেগাপিক্সেলের।
৭,৫০০mAh ব্যাটারির সঙ্গে ফোনটিতে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে।
যারা ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স ও ক্যামেরা চান, তবে আল্ট্রা মডেলের জন্য বেশি অর্থ খরচ করতে চান না, তাদের জন্য এটি উপযোগী।
ক্যামেরার জন্য সেরা: Oppo Find X9 Ultra
মোবাইল ফটোগ্রাফিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলে Find X9 Ultra এগিয়ে থাকবে। ফোনটিতে Hasselblad Master Camera System-এর অধীনে রয়েছে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা—একটি প্রধান ক্যামেরা এবং অন্যটি ৩x টেলিফটো।
এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ১০x অপটিক্যাল জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। সর্বোচ্চ ১২০x পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধাও পাওয়া যাবে।
৬.৮২ ইঞ্চির ১৪৪ হার্টজ LTPO AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং ৭,০৫০mAh ব্যাটারি রয়েছে এতে। ব্যাটারি চার্জে ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
ফোনটির বৈশ্বিক বাজারে প্রারম্ভিক দাম ১,৪৯৯ ডলার। পেশাদার ফটোগ্রাফার ও কনটেন্ট নির্মাতাদের জন্য মডেলটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে।
সেরা ফোল্ডেবল: Oppo Find N6
ভাঁজযোগ্য ফোনের ক্ষেত্রে Oppo Find N6-কে তালিকার সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে। ফোনটিতে ওপ্পোর ‘Zero-Feel Crease’ প্রযুক্তি রয়েছে, যার লক্ষ্য ভাঁজ করার কারণে অভ্যন্তরীণ ডিসপ্লেতে দৃশ্যমান ক্রিজ বা দাগ কমিয়ে আনা।
ভেতরে রয়েছে ৮.১২ ইঞ্চির QXGA+ OLED ডিসপ্লে এবং বাইরে ৬.৬২ ইঞ্চির AMOLED প্যানেল। দুটি ডিসপ্লেই ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সমর্থন করে।
Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের পাশাপাশি এতে রয়েছে ৬,০০০mAh ব্যাটারি ও ৮০ ওয়াট চার্জিং। ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ কোয়াড-ক্যামেরা সেটআপ, AI Pen স্টাইলাস এবং একসঙ্গে চারটি অ্যাপ ব্যবহারের মাল্টি-উইন্ডো সুবিধাও রয়েছে।
মিড-রেঞ্জে সেরা: Oppo Reno 16 Pro 5G
ফ্ল্যাগশিপের কাছাকাছি অভিজ্ঞতা তুলনামূলক কম দামে পেতে চাইলে Reno 16 Pro 5G বিবেচনায় রাখা যেতে পারে।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে, সর্বোচ্চ ১,৮০০ নিটস উজ্জ্বলতা এবং MediaTek Dimensity 9500s প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য ৭,০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। রয়েছে ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।
ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেলের ৩.৫x পেরিস্কোপ এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে।
এর সঙ্গে পাওয়া যায় ‘Oppo Bubble Mag E-Badge’ নামের ম্যাগনেটিক রিয়ার-স্ক্রিন অ্যাক্সেসরি। পেছনের ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার সময় এটি প্রিভিউ স্ক্রিন হিসেবে কাজ করতে পারে।
বাজেটে সেরা: Oppo A6x 5G
কম বাজেটে ৫জি স্মার্টফোনের পাশাপাশি বড় ব্যাটারি চাইলে Oppo A6x 5G তালিকার অন্যতম বিকল্প।
ফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্টজ LCD ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 চিপসেট। সবচেয়ে বড় আকর্ষণ ৬,৫০০mAh ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের পেছনের এবং ৫ মেগাপিক্সেলের সামনের সেন্সর। অতিরিক্ত প্রিমিয়াম ফিচারের চেয়ে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও দৈনন্দিন ব্যবহারের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া ক্রেতাদের জন্য এটি উপযুক্ত।
এক নজরে কোন ফোন কার জন্য
অলরাউন্ড পারফরম্যান্স: Oppo Find X9 Pro
সেরা ক্যামেরা: Oppo Find X9 Ultra
সেরা ফোল্ডেবল: Oppo Find N6
মিড-রেঞ্জে সেরা: Oppo Reno 16 Pro 5G
বাজেটে সেরা: Oppo A6x 5G
সূত্র: Gizmochina






















