বিশেষ অডিও ও ত্রিমাত্রিক (থ্রিডি) অডিও প্রসেসিং প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং ও গুগল।
ক্যালিফোর্নিয়াভিত্তিক অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান বুমক্লাউড ৩৬০-এর অভিযোগের পর মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বুমক্লাউড ৩৬০-এর অভিযোগ, প্রতিষ্ঠানটির উদ্ভাবিত অডিও প্রসেসিং প্রযুক্তি অনুমতি ছাড়াই নিজেদের বিভিন্ন ডিভাইসে ব্যবহার করছে অ্যাপল, স্যামসাং ও গুগল। প্রতিষ্ঠানটি এ বিষয়ে তিনটি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ করেছে।
ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি মূলত ক্লাউডভিত্তিক সাউন্ড অপটিমাইজেশন এবং ত্রিমাত্রিক অডিও অভিজ্ঞতার প্রযুক্তি নিয়ে কাজ করে।
নির্দিষ্ট ডিভাইসের আমদানিতে নিষেধাজ্ঞার দাবি
অভিযোগের পর বুমক্লাউড ৩৬০ ইউএসআইটিসির কাছে ‘লিমিটেড এক্সক্লুশন অর্ডার’ এবং নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে। এমন আদেশ দেওয়া হলে অভিযোগে থাকা পেটেন্ট প্রযুক্তি ব্যবহার করা নির্দিষ্ট পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি ও বাণিজ্যিকভাবে সরবরাহে বাধা তৈরি হতে পারে।
তবে তদন্তে কোন কোন স্মার্টফোন বা অডিও ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে, সেই তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পাল্টা আইনি পদক্ষেপ তিন প্রতিষ্ঠানের
অভিযোগের পর সম্ভাব্য পণ্য নিষেধাজ্ঞা ঠেকাতে আইনি পদক্ষেপ নিয়েছে অ্যাপল, স্যামসাং ও গুগল। তিন প্রতিষ্ঠানই বুমক্লাউড ৩৬০-এর দাবির বিরুদ্ধে ‘ডিক্লারেটরি জাজমেন্ট’ চেয়ে আদালতে আবেদন করেছে।
এই আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তাদের অবস্থান আইনগতভাবে বৈধ কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চাওয়া হয়েছে।
এখন ইউএসআইটিসির তদন্ত এবং সংশ্লিষ্ট আদালতের আইনি প্রক্রিয়ার ফলের ওপর নির্ভর করবে অভিযোগের পরবর্তী পদক্ষেপ। তদন্তে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি বা সরবরাহ নিয়ে বিধিনিষেধ আরোপের সুযোগ তৈরি হতে পারে।



















