দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডালের ভুক্তভোগী কর্মীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে কর্মীরা অভিযোগ করেন, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি।
কর্মীদের অভিযোগ, বিভিন্ন সময়ে বেতন পরিশোধের জন্য একাধিকবার সময় নেওয়া হয়। পরবর্তীতে বকেয়া বেতনের বিপরীতে তাদের ব্যাংক চেক দেওয়া হয়। কিন্তু চেক নগদায়নের নির্ধারিত তারিখে ব্যাংকে গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক নগদায়ন করা সম্ভব হয়নি বলে ব্যাংক থেকে তাদের জানানো হয়।
এতে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, বারবার আশ্বাস ও সময় দেওয়ার পরও বেতন পরিশোধ না হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
প্রতিবাদ সমাবেশ থেকে কর্মীরা দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ, দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং চেকের মাধ্যমে দেওয়া পাওনা কার্যকরভাবে পরিশোধের দাবি জানান।
কর্মীরা বলেন, সাত মাস ধরে বেতন বকেয়া থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন না থাকায় বাধ্য হয়ে তারা রাজপথে প্রতিবাদে নেমেছেন।
সমাবেশে অংশ নেওয়া কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও জানান।



















