শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ। ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি। এ কারণে এবারও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে ২০২৪ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে টানা দুই বছর লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।
এর আগে ২০২৪ সালের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৫১ পয়সা। তারপরও ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পরিচালনা পর্ষদ। এবার ২০২৫ সালের ব্যবসায় লোকসানের কারণে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করায় টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।


















