চীনের বাইরে আইফোন উৎপাদন বাড়াতে ভারতে কারখানা সম্প্রসারণ করছে অ্যাপল। তবে দেশটিতে উৎপাদন কার্যক্রম বাড়ানোর পাশাপাশি নানা জটিলতার মুখেও পড়ছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। কারখানায় অগ্নিকাণ্ড, শ্রমিক অসন্তোষ, তথ্য চুরি ও পরিবেশ দূষণের অভিযোগসহ সব মিলিয়ে ভারতে অ্যাপলের সরবরাহ বা সাপ্লাই চেইনে তৈরি হয়েছে একের পর এক সংকট।
বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ উঠে এসেছে এসব তথ্য। সর্বশেষ গত সপ্তাহে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের হোসুরে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় শ্বাসরোধে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। কারখানাটিতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরি করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কোম্পানি ও রাজ্য সরকার।
চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন দেশে কারখানা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ভারতে ২০১৭ সাল থেকে উৎপাদন বাড়াবে অ্যাপল। এ কাজে কোম্পানির প্রধান চুক্তিভিত্তিক উৎপাদন অংশীদার তাইওয়ানের ফক্সকন ও ভারতের টাটা গ্রুপ।
তবে সাম্প্রতিক বছরগুলোয় এসব প্রতিষ্ঠানের কারখানায় বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য চুরি, পরিবেশ দূষণ, শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ ও অগ্নিকাণ্ড।
চলতি বছরের জুন-জুলাইয়ে হোসুরে টাটা ইলেকট্রনিকসের একটি আইফোন সংযোজন কারখানা থেকে দুই লাখের বেশি ফাইল চুরির ঘটনা ঘটে। পরে একটি র্যানসমওয়্যার গোষ্ঠী এসব ফাইল ডার্ক ওয়েবে প্রকাশ করে। চুরি হওয়া তথ্যের মধ্যে সরবরাহকারীদের গোপন তথ্য এবং তখনো বাজারে না আসা আইফোন ১৮ প্রোর ছবিও ছিল।
এর আগে জুনে হোসুরের একই কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ ওঠে। তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অভিযোগ করে, কারখানার বর্জ্যপানি পাশের কৃষিজমির কূপের পানিকে দূষিত করছে। এ কারণে কারখানাটি বন্ধ করে দেয়ার সতর্কতাও দেয়া হয়। শুধু পরিবেশ দূষণ বা তথ্য চুরিই নয়, শ্রমিক নিয়োগ নিয়েও বিতর্কে পড়েছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।
কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে একাধিকবার। ২০২৪ সালের সেপ্টেম্বরে হোসুরে টাটার একটি কারখানার রাসায়নিক সংরক্ষণের জায়গায় আগুন লাগে। এতে কয়েক দিন আইফোনের যন্ত্রাংশ উৎপাদন বন্ধ ছিল। একই বছরের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে পেগাট্রনের কারখানায় আগুন লাগার পর সাময়িকভাবে আইফোন সংযোজন বন্ধ রাখা হয়।



















