স্মার্ট ব্যান্ড এখন শুধু সময় দেখার যন্ত্র নয়। হাঁটাচলা, ব্যায়াম, ঘুমের হিসাব রাখা থেকে শুরু করে হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ নানা কাজে ব্যবহার করছেন অনেকে। ব্যবহারকারীদের জন্য এবার নতুন স্মার্ট ব্যান্ড শাওমি স্মার্ট ব্যান্ড ১১ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এতে রয়েছে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৫০টির বেশি স্পোর্টস মোড এবং একবার চার্জে সর্বোচ্চ ২১ দিন ব্যবহারের সুবিধা।
শাওমি স্মার্ট ব্যান্ড ১১-তে রয়েছে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন। এর রেজল্যুশন ২১২×৫২০ পিক্সেল। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার নিট, ফলে উজ্জ্বল আলোতেও স্ক্রিনের তথ্য দেখতে সুবিধা হবে।
স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল-এলইডি ও ডুয়াল-পিডি অপটিক্যাল সেন্সর। এর মাধ্যমে ২৪ ঘণ্টা হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পর্যবেক্ষণ করা যাবে। অক্সিজেনের মাত্রা কমে গেলে কম্পনের মাধ্যমে সতর্কবার্তাও দেবে ব্যান্ডটি। পাশাপাশি রয়েছে স্ট্রেস পর্যবেক্ষণ, মানসিক চাপ কমাতে শিথিল হওয়ার পরামর্শ এবং নারীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য রাখার সুবিধা।
ঘুমের সময় ও ঘুমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণের জন্য রয়েছে স্লিপ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এতে ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস ও ঘুমের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ব্যায়াম ও খেলাধুলার জন্য স্মার্ট ব্যান্ডটিতে রয়েছে ১৫০টির বেশি স্পোর্টস মোড। সাঁতারের সময়ও হৃদ্স্পন্দন পর্যবেক্ষণ করতে পারবে এটি। এর জন্য রয়েছে ৫এটিএম পানি প্রতিরোধী সুবিধা।
ব্যান্ডটিতে ২৩৩ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। শাওমির দাবি, হালকা ব্যবহারে একবার চার্জে সর্বোচ্চ ২১ দিন চলবে এটি। স্বাভাবিক ব্যবহারে ব্যাটারি চলবে ১০ দিন এবং অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে প্রায় ৬ দিন। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৯০ মিনিট।
এছাড়া এতে রয়েছে ব্লুটুথ ৫.৪, এনএফসি, ফোনের ক্যামেরা দূর থেকে নিয়ন্ত্রণ এবং শর্টকাট জেসচার ব্যবহারের সুবিধা। অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী সংস্করণ এবং আইওএস ১৪ বা পরবর্তী সংস্করণের ফোনের সঙ্গে এটি ব্যবহার করা যাবে। এ জন্য প্রয়োজন হবে মি ফিটনেস অ্যাপ। সব মিলিয়ে স্বাস্থ্য ও শরীরচর্চার হিসাব রাখতে চান, এমন ব্যবহারকারীদের জন্য নতুন স্মার্ট ব্যান্ডটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
শাওমি স্মার্ট ব্যান্ড ১১-এর দাম ইউরোপের বাজারে ৫৯.৯৯ ইউরো, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮ হাজার ২২২ টাকা। সংযুক্ত আরব আমিরাতে এর দাম ১৮৯ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। যুক্তরাজ্যের বাজারে এটি মিডনাইট ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার ও মিস্টিক রোজ এই তিন রঙে পাওয়া যাচ্ছে। সাধারণ সংস্করণের পাশাপাশি অ্যালুমিনিয়াম ও সিরামিক ফিনিশের বিশেষ সংস্করণও রয়েছে। তবে বাংলাদেশে কবে এবং কত দামে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য নেই।



















