দেশের ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক, নাগরিকবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই করতে পাঁচটি অগ্রাধিকার সুপারিশ করেছে এটুআই ও ইউএনডিপির বেসলাইন মূল্যায়ন। এগুলো হলো কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা, অভিন্ন সেবার মান নিশ্চিত করা, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো এবং টেকসই আয়ের সুযোগ সৃষ্টি। পাশাপাশি নাগরিকদের বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে সেবা পৌঁছে দিতে রুরাল ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাবিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় কর্মশালা ও নীতিসংলাপে মূল্যায়নের ফলাফল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। ‘ডিজিটাল সেন্টার ২.০: স্টার ইনসেনটিভ’ কর্মসূচিতে সারা দেশের ১৮ উদ্যোক্তাকে তিনটি বিভাগে পুরস্কৃত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও ইউএনডিপি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেন মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি। সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে আরও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মোঃ আলমগীর হোসেন, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, জ্যেষ্ঠ সুশাসন বিশেষজ্ঞ শীলা তাসনিম হক, ইউএনডিপি’র ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার এবং বাংলাদেশ ব্লাইন্ড মিশনের কনসালটেন্ট এনামুল হক প্রমুখ।
মিজ ফারাহ শাম্মী বলেন, উদ্যোক্তাদের স্বতন্ত্র পরিচয় ও স্বীকৃতির জন্য বিশেষ পদবি প্রবর্তনের বিষয়টি বিবেচনা এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সেবার মানোন্নয়ন ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া উচিত। কেন্দ্রগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, উদ্যোক্তারা প্রান্তিক জনগোষ্ঠী ও সরকারি সেবার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ডিজিটাল সেন্টার পরিচালনার আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) ও সমন্বিত নীতিমালা প্রকাশের পর বিদ্যমান সমস্যা দূর হবে। এসওপি প্রবর্তিত হলে তাঁদের কর্মপরিবেশ, সেবার মান ও কেন্দ্রগুলোর টেকসই বিকাশে সহায়ক হবে।
এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান বলেন, নাগরিকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক, উদ্ভাবনী ও টেকসই সেবাকেন্দ্রে রূপান্তরের কাজ চলছে। কেবল সংযোগ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট সুবিধা, বিশেষায়িত এজেন্ট ব্যাংকিং সেবা সংযোজন এবং প্রবাসী হেল্পলাইন কার্যক্রম সম্প্রসারণসহ নতুন ও উদ্ভাবনী সেবা চালুর মাধ্যমে ডিজিটাল সেন্টারের সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, স্টার ইনসেনটিভ কর্মসূচির মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি প্রদান এবং সফল উদ্যোগগুলো সারা দেশে ছড়িয়ে দিতে এটুআই কাজ করছে।
আট বিভাগের ৬৪ জেলার ১০০টি ডিজিটাল সেন্টারের মূল্যায়নে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিক সর্বশেষ পাওয়া সেবায় অত্যন্ত সন্তুষ্ট। তবে ৭৫ শতাংশ কেন্দ্রে হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী র্যাম্প এবং ৬০ শতাংশ কেন্দ্রে আনুষ্ঠানিক সেবা পরিচালনাপদ্ধতি নেই। মাত্র ৬ শতাংশ উদ্যোক্তা নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন; প্রশিক্ষণ পেলে ৮৪ শতাংশ তা ব্যবহারে আগ্রহী। অন্যদিকে, ৫৯ শতাংশ উদ্যোক্তার মাসিক আয় ২৫ হাজার টাকার বেশি।
ইউএনডিপির সহযোগিতায় জানুয়ারি ২০২৬ থেকে পরিচালিত মূল্যায়নের আওতায় উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন, সেবার মান ও আর্থিক স্থায়িত্ব যাচাই, রিসোর্স পুল তৈরি, আট বিভাগে প্রশিক্ষণ, দলীয় আলোচনা, অংশীজনদের সাক্ষাৎকার, নারী উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ, নাগরিকদের মতামত সংগ্রহ ও একাধিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এআই ব্যবহার করে আবেদনের অগ্রগতি জানানো, সরকারি সেবার তথ্য দেওয়া এবং কথাকে লিখিত তথ্যে রূপান্তরের তিনটি সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরা হয়। এ জন্য ‘মাইগভ হোয়াটসঅ্যাপ সিটিজেন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট’-এর একটি পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হয়েছে।




















