দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘ফেয়ার ইলেকট্রনিক্স’ (Fair Electronics)-এর বিরুদ্ধে ওয়ারেন্টি মেয়াদ থাকা সত্ত্বেও বিক্রয়োত্তর সেবা না দিয়ে গ্রাহককে মাসের পর মাস হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহক শরীফুজ্জামান চাকলাদার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছেন।
ভুক্তভোগী গ্রাহক শরীফুজ্জামান চাকলাদার জানান, তিনি রাজধানীর রিং রোডে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্সের শোরুম থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি ‘হাইসেন্স’ (Hisense) ব্র্যান্ডের রেফ্রিজারেটর ক্রয় করেন। পরবর্তীতে রিং রোডের ওই শোরুমটি বন্ধ হয়ে গেলেও পণ্যটি প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়ারেন্টির আওতাভুক্ত ছিল।
কেনার এক বছর পর, ওয়ারেন্টি মেয়াদ থাকা অবস্থায় গত জুলাই ২০২৬ মাসে রেফ্রিজারেটরটিতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি তাৎক্ষণিকভাবে ফেয়ার ইলেকট্রনিক্সের অফিশিয়াল কাস্টমার কেয়ার হটলাইনে অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ করার পর চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটরটি মেরামত করে দেয়নি।
ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ, জুলাই মাস থেকে এখন পর্যন্ত কাস্টমার কেয়ারে বারবার যোগাযোগ করা হলে প্রতিবারই “প্রয়োজনীয় পার্টস এখনো বিদেশ থেকে আমদানি করা হয়নি”—এমন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। লক্ষাধিক টাকা মূল্যের একটি নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য দীর্ঘ চার মাস ধরে অকেজো হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। প্রতিষ্ঠানটি কৌশলে ওয়ারেন্টি মেয়াদ পার করে দেওয়ার চেষ্টা করছে এবং গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।





















