ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের তথ্য গোপন এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রায় আট বছর ধরে চলা মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতের জুরি। এসব অভিযোগের মধ্যে ব্যাংক জালিয়াতি এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রও রয়েছে। তবে অপরাধী চক্র হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পেয়েছে প্রতিষ্ঠানটি।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানের সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক সম্পর্ক। ২০১৯ সালে জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, নিষেধাজ্ঞা এড়িয়ে ‘স্কাইকোম’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে ব্যবসা চালিয়ে যায় হুয়াওয়ে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর কাছে স্কাইকোমকে নিজেদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় না দিয়ে ব্যবসায়িক অংশীদার হিসেবে তুলে ধরা হয়েছিল।
২০১৮ সালে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়, ইরানে ব্যবসার তথ্য গোপন করে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বেএনপি পারিবাসের মতো আন্তর্জাতিক ব্যাংককে বিভ্রান্ত করেছিল হুয়াওয়ে। এর ফলে ইরানের সঙ্গে মার্কিন ডলারে লেনদেন ও আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয় বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেং ওয়ানঝুকে ঘিরে বিতর্ক
এই মামলার সঙ্গে আলোচনায় আসে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর নাম। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কানাডায় আটক হন তিনি। অভিযোগ ছিল, ২০১৩ সালে এইচএসবিসির এক কর্মকর্তাকে ইরানে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন মেং।
প্রায় তিন বছর প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াই চালানোর পর ২০২১ সালে শর্তসাপেক্ষ চুক্তিতে সম্মত হন তিনি এবং চীনে ফিরে যান। পরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। বর্তমান মামলায় প্রসিকিউটররা মেংয়ের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন, যেখানে ইরানে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টি স্বীকার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
সিসকো, কুইন্টেল ও টি-মোবাইলের প্রযুক্তি চুরির অভিযোগ
মামলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য সংগ্রহের অভিযোগ। প্রসিকিউটরদের দাবি, হুয়াওয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক গোপনীয়তা সংগ্রহের চেষ্টা করেছে।
এ তালিকায় রয়েছে সিসকোর রাউটারের সোর্স কোড, কুইন্টেলের অ্যান্টেনা প্রযুক্তি এবং সিএনএক্সের সার্কিট বোর্ডের তথ্য। এ ছাড়া টি-মোবাইলের ‘ট্যাপি’ নামের পরীক্ষামূলক রোবটের একটি অংশ এক কর্মীর ব্যাগে নেওয়ার ভিডিও এবং ফুজিৎসুর একটি প্রদর্শনীতে গোপনে যন্ত্রের ছবি তোলার ঘটনাও আদালতে উপস্থাপন করেন প্রসিকিউটররা।
এসব অভিযোগের মধ্য দিয়ে হুয়াওয়ের বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা এড়িয়ে ব্যবসা পরিচালনাই নয়, প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানের গোপন তথ্য সংগ্রহের চেষ্টার বিষয়টিও সামনে এসেছে।
তবে আদালতের রায় নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়েছে। তাই এ ঘটনাকে হুয়াওয়ের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা প্রযুক্তি সম্পর্কে সাধারণ সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। বরং মামলাটি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা, আর্থিক স্বচ্ছতা এবং প্রযুক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



















