চার বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যাওয়া হাইসেন্সের (Hisense) টেলিভিশন মেরামত না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এক গ্রাহক। প্যানেল বিদেশ থেকে আমদানির কথা বলে দীর্ঘদিন অপেক্ষায় রাখার পরও এখন পর্যন্ত মেরামত, নতুন টিভি প্রতিস্থাপন কিংবা মূল্য ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
গ্রাহকের দেওয়া ক্যাশ মেমো অনুযায়ী, ২০২৫ সালের ১১ আগস্ট জামালপুরের মেডিকেল রোডে অবস্থিত আর.আর. এন্টারপ্রাইজ থেকে ৪৩ ইঞ্চি হাইসেন্স মডেল ‘43A6F3’ টেলিভিশনটি ৪০ হাজার টাকা দিয়ে কেনেন তিনি। পণ্যটির মোট ওয়ারেন্টি ছিল চার বছর।
তবে ওয়ারেন্টির মেয়াদ চলাকালীন টেলিভিশনটি নষ্ট হয়ে গেলে দোকানের মাধ্যমে হাইসেন্স কর্তৃপক্ষের কাছে সার্ভিসের জন্য অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তাঁর কাছে ১৯০৫৩ নম্বরের একটি কমপ্লেইন আইডি রয়েছে।
অভিযোগ জানানোর পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, টেলিভিশনের নষ্ট প্যানেলটি বিদেশ থেকে আমদানি করে মেরামত করা হবে। এ আশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেন ওই গ্রাহক। তবে প্রায় ১০ থেকে ১২ দিন আগে সর্বশেষ যোগাযোগের সময়ও তাঁকে জানানো হয়, প্রয়োজনীয় প্যানেল দেশে এসে পৌঁছায়নি।
গ্রাহকের ভাষ্য, তখন তাঁকে আরও জানানো হয়, প্যানেল পাওয়া না গেলে টেলিভিশন মেরামত করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে ক্রয়মূল্য ফেরত অথবা নতুন টেলিভিশন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এরপরও টাকা ফেরত বা নতুন টিভি প্রতিস্থাপনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
বারবার যোগাযোগ করেও কার্যকর সমাধান না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওই গ্রাহক। তাঁর দাবি, চার বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও পণ্যটি দীর্ঘদিন ব্যবহার করতে পারছেন না। মেরামতের জন্য যন্ত্রাংশ আমদানির অপেক্ষায় রাখার পর বিকল্প সমাধানের আশ্বাস দেওয়া হলেও সেটিও বাস্তবায়িত হচ্ছে না।
এ অবস্থায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বিষয়টি তদন্ত করে ওয়ারেন্টির আওতায় দ্রুত টেলিভিশন মেরামত, প্রয়োজনে নতুন টিভি প্রতিস্থাপন অথবা ক্রয়মূল্য ফেরতের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।





















