গেল দুই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি শিশু যৌন নিপীড়নের ছবি ও কনটেন্ট ৮ হাজার ৪০০ শতাংশের বেশি হয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায়।
বিশ্বজুড়ে পরিচালিত এই অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এমন নথিভুক্ত ঘটনা ৩ লাখ ৯৫ হাজার তিনশরও বেশি বেড়েছে।
এ ছাড়া গবেষকদের হিসাব অনুসারে, প্রতিবছর বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি শিশু প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত যৌন নিপীড়নের শিকার হয়।
পাশাপাশি, প্রতি চারজন তরুণের মধ্যে প্রায় একজন ১৮ বছর বয়স হওয়ার আগেই কোনো না কোনোভাবে অনলাইন নিপীড়নের শিকার হতে পারেন।
স্কটল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ এডিনবরা’র ‘চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড নিরাপত্তা ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞদের অংশগ্রহণে বড় এক আন্তর্জাতিক প্রকল্পের মাধ্যমে এসব পরিসংখ্যান সংকলন করা হয়েছে।
চাইল্ডলাইট বলেছে, প্রযুক্তি কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’-এ পাঠানো এআই-ভিত্তিক নিপীড়নের উপাত্তের রেফারেল ২০২৩ সালের প্রায় ৪ হাজার ৭০০ থেকে বেড়ে ২০২৫ সালে ৪ লাখ ছাড়িয়েছে।
এ উপাত্তের মধ্যে ডিপফেইক অন্তর্ভুক্ত রয়েছে, যা ‘ন্যুডিফাই অ্যাপ’-এর মাধ্যমে তৈরি হয়। এসব অ্যাপের সাহায্যে মুহূর্তের মধ্যে বাস্তব কোনো শিশুর মুখ ডিজিটাল উপায়ে নিখুঁতভাবে কোনো যৌন উত্তেজনাকর ছবিতে বসিয়ে দেওয়া যায়।
গবেষকরা বলছেন, ছবিগুলো ভুয়া হলেও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব বাস্তব। অনেক সময় এসব ছবি ব্যবহার করে শিশুদের ব্ল্যাকমেইল করা হয়।
এ সমস্যা কেবল সেলিব্রিটিদেরই নয়, বরং সাধারণ মানুষের ওপরও সমানভাবে প্রভাব ফেলছে।
গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, শনাক্তকরণ ও প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন আসার কারণেও এই নাটকীয় বৃদ্ধি ঘটতে পারে।
‘ইউনিভার্সিটি অফ এডিনবরা’র চাইল্ডলাইটের গ্লোবাল ডিরেক্টর অফ ডেটা অধ্যাপক ডেবি ফ্রাই বলেছেন, “এআই যে দ্রুতগতিতে শিশুদের প্রতি ঝুঁকির ধরন বদলে দিচ্ছে তা উদ্বেগজনক।
প্রতিবছর বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি শিশু প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত যৌন নিপীড়নের শিকার হয়। ছবি: ম্যাগনিফিক
“এসব পরিসংখ্যান দেখাচ্ছে, কেবল দুই বছরে এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের উপাদান সংক্রান্ত অভিযোগ অস্বাভাবিক হারে বেড়েছে।
“উন্নত শনাক্তকরণ ও রিপোর্টিং ব্যবস্থার কারণে এই বৃদ্ধির কিছুটা ব্যাখ্যা মিলতে পারে ঠিকই তবে এসব ফলাফল স্পষ্ট করে দিচ্ছে, নতুন ধরনের এই নিপীড়ন বুঝতে, তা প্রতিরোধ করতে ও দ্রুততম সময়ে এসব উপাদান সরিয়ে ফেলতে সরকার এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।”
চাইল্ডলাইটের নতুন এই আন্তর্জাতিক গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, সরকারি তথ্যের মারাত্মক ঘাটতি শিশু সুরক্ষার প্রতিরোধমূলক প্রচেষ্টাকে ব্যাহত করছে।
তিনটি অঞ্চলের ১০৩টি দেশ ও এলাকা পর্যালোচনা করে গবেষকরা বলছেন, ২২টি দেশের কাছে অফলাইন ও প্রযুক্তিনির্ভর উভয় ধরনের নিপীড়নের প্রতিনিধিত্বমূলক জরিপ তথ্য রয়েছে।
চাইল্ডলাইট বলেছে, প্রতিবন্ধী, আদিবাসী, অভিবাসী, মানবিক সংকটে থাকা বা অতি অল্পবয়সি শিশু ও নিজ পরিবারের ভেতরেই নিপীড়নের শিকার হওয়া শিশুদের তথ্যগুলো বিশেষভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে।
এর প্রেক্ষিতে চাইল্ডলাইট বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন শিশু যৌন নিপীড়নকে প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা, নির্ভরযোগ্য ও ধারাবাহিক তথ্য-উপাত্ত সংগ্রহে বিনিয়োগ এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা জোরদার, ভুক্তভোগীদের সহায়তা ও ক্ষতি হওয়ার আগেই তা প্রতিরোধ করা হয়।
এ ছাড়া প্রযুক্তি খাতের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা, নতুন হুমকির সঙ্গে তাল মিলিয়ে আইন প্রণয়ন ও শৈশবের শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চাইল্ডলাইট।
ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেছেন, “লাখ লাখ শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে, অথচ কোথায় এই ক্ষতি হচ্ছে ও কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সে বিষয়ে সরকারগুলো প্রায়ই অসম্পূর্ণ চিত্র নিয়ে কাজ করছে।
“যা অদৃশ্য থেকে যায়, তা সমাধানহীন থেকে যাওয়ার ঝুঁকিও তৈরি করে। এর প্রকৃত ব্যাপ্তি ও ধরন না বুঝে আমরা কার্যকরভাবে নিপীড়ন ঠেকাতে বা শিশুদের রক্ষা করতে পারব না।”
শিশু যৌন নিপীড়নের ক্ষেত্রে ‘অপ্রতিরোধ্য বলতে কিছু নেই’ উল্লেখ করে তিনি বলেছেন, “টেকসই নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এই ক্ষতি ঠেকাতে, আগেভাগে হস্তক্ষেপ করতে ও আরও শিশুকে তাদের প্রাপ্য নিরাপদ শৈশব উপহার দিতে পারি।”



















