জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন কর্মী ছাঁটাই ও কারখানা বন্ধে বড় ধরনের ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে। এতে মোট প্রায় ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ইউরো ব্যয় হতে পারে বলে ধারণা প্রতিষ্ঠানটির। গত সপ্তাহে করা একটি বড় পুনর্গঠন চুক্তির অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র। খবর রয়টার্স।
ইউরোপের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন বর্তমানে সবচেয়ে বড় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করছে। চীনের গাড়ি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা, বাড়তি শুল্ক ও উৎপাদন সক্ষমতার তুলনায় অতিরিক্ত কারখানার কারণে বড় ধরনের চাপের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা অনুযায়ী, জার্মানির চারটি কারখানায় ভবিষ্যৎ উৎপাদনের বিকল্প খোঁজা হবে। আগামী এক দশকে এসব কারখানায় বর্তমানে উৎপাদিত গাড়ির মডেল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগে ঘোষিত পরিকল্পনার তুলনায় আরো প্রায় ৫০ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রয়টার্সকে সূত্রটি জানায়, এমডেন ও জুইকাউ কারখানায় উৎপাদন ধীরে ধীরে বন্ধ করতে প্রতিটিতে প্রায় ১০০ কোটি ইউরো করে ব্যয় হতে পারে। অন্যদিকে নেকারজুলম ও হ্যানোভার কারখানায় ব্যয় হতে পারে প্রায় ২০০ কোটি ইউরো করে।
এছাড়া বিশ্বজুড়ে সর্বোচ্চ ৬০ হাজার কর্মী ছাঁটাইয়ের জন্য প্রায় ১০ বিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হতে পারে। এর মধ্যে কর্মীদের ক্ষতিপূরণসহ পুনর্গঠনসংক্রান্ত বিভিন্ন ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।
ব্যয়ের বিষয়ে জানতে চাইলে ফক্সওয়াগনের এক মুখপাত্র কোনো মন্তব্য করেননি। জার্মান সাময়িকী ডের স্পিগেল প্রথম ১৬ বিলিয়ন ইউরো ব্যয়ের হিসাবটি প্রকাশ করে।



















