প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা (স্পনসর) হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকলেও নীতিমালার এক সূক্ষ্ম ব্যাখ্যার সুযোগ নিয়ে প্রাথমিক অনুমোদন বা ‘লেটার অব ইনটেন্ট’ (LoI) পেয়েছে ব্র্যাক ব্যাংক নিয়ন্ত্রিত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’ (bKash)।
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক স্থাপন সংক্রান্ত নীতিমালা (ভার্সন-২)-এর ৬.১১ ধারা অনুযায়ী, দেশে পরিচালিত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পনসর হতে পারবে না। তবে ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ মালিকানাধীন ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিকাশকে আলাদা আইনি সত্তা (এমএফএস প্রতিষ্ঠান) হিসেবে বিবেচনা করে এই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
যেভাবে অনুমোদন পেল বিকাশ ডিজিটাল ব্যাংক
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’-কে প্রাথমিক অনুমোদন (LoI) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় রবি আজিয়াটা সমর্থিত ‘বুস্ট ডিজিটাল ব্যাংক’, ভিওন ও স্কয়ার গ্রুপ সমর্থিত ‘নভা ডিজিটাল ব্যাংক’ এবং ভুটানের ডিকে ব্যাংক সমর্থিত ‘ডিকে ডিজিটাল ব্যাংক’-কে অনুমোদন দেওয়া হয়; পাশাপাশি ‘কড়ি ডিজিটাল ব্যাংক’-এর অনুমোদন নবায়ন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী লিখিত বক্তব্যে জানান, নীতিমালার ৬.১১ ধারার নিষেধাজ্ঞা কেবল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য—তাদের সাবসিডিয়ারি, সহযোগী বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়। বিকাশ যেহেতু একটি আলাদা নিবন্ধিত ও নিয়ন্ত্রিত এমএফএস প্রতিষ্ঠান, তাই তারা ডিজিটাল ব্যাংকের স্পনসর হতে বাধা নেই।
মূল্যায়নের বাইরে ছিল মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক
তথ্য অনুযায়ী, বিকাশকে অনুমোদন দেওয়ার আগে তাদের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের পরোক্ষ মালিকানা, নিয়ন্ত্রণ, পরিচালনা পর্ষদের প্রভাব বা আর্থিক স্বার্থের বিষয়গুলো আনুষ্ঠানিক মূল্যায়ন প্রক্রিয়ায় বিবেচনা করা হয়নি। আবেদন মূল্যায়ন ম্যাট্রিক্স বা মূল্যায়ন কমিটির কার্যপরিধিতে (ToR) মূল প্রতিষ্ঠানের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এবং মালিকানা কাঠামো নিয়ে আলাদা কোনো আইনি মতামতও নেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সিংয়ের প্রথম ধাপে ব্যাংক-মালিকানাধীন বা ব্যাংক-সমর্থিত প্রস্তাবগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স না দিয়ে আলাদা ‘ডিজিটাল ব্যাংকিং উইন্ডো’ খোলার বিষয়ে আলোচনা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে এবারের প্রক্রিয়ায় বিকাশকে কেবল তার এমএফএস পরিচয়ের ভিত্তিতেই বিবেচনা করা হয়েছে।
নেপথ্যের ঘটনাপ্রবাহ ও বাজার প্রতিযোগিতা
এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন, তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর বিকাশের প্রস্তাবসহ ডিজিটাল ব্যাংকের অনুমোদনের জন্য পর্ষদ সভা আহ্বান করলে কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা বিক্ষোভ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের সময় তড়িঘড়ি করে বিকাশকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন তারা। এর ৯ দিন পর, ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে তার সভাপতিত্বেই ২৪ সেপ্টেম্বরের পর্ষদ সভায় এই অনুমোদন চূড়ান্ত হয়।
এদিকে, বিকাশের বিশাল গ্রাহক ভিত্তি, এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক ডিজিটাল ব্যাংকিং খাতে একচেটিয়া আধিপত্য বা বাজার প্রতিযোগিতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না—সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলাদা কোনো বাজার সমীক্ষা চালায়নি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রাথমিক পর্যায়ে বাজার প্রতিযোগিতার চেয়ে আর্থিক অন্তর্ভুক্তি, জামানতবিহীন ঋণ, কম খরচে ব্যাংকিং সেবা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।




















