বাজারে ২০ হাজার টাকার স্মার্টফোন কিনলেও এখন দিব্যি ছবি তোলা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্যবহার, গেম খেলা থেকে শুরু করে অফিসের কাজ করা যায়। তাহলে কেউ কেন লাখ টাকা খরচ করে স্মার্টফোন কেনেন? একটি ফোনের দাম ২০ হাজার টাকা থেকে এক লাখ বা তার বেশি হওয়ার পেছনে কি শুধু ব্র্যান্ডের নাম, নাকি প্রযুক্তি ও ফিচারেরও বড় পার্থক্য রয়েছে? আসলে দামের এই ব্যবধানের পেছনে কাজ করে প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, নির্মাণসামগ্রী, সফটওয়্যারসহ বেশ কিছু বিষয়।
প্রসেসরের ক্ষমতায় বড় পার্থক্য
দামি স্মার্টফোনে সাধারণত থাকে উচ্চক্ষমতার ফ্ল্যাগশিপ প্রসেসর। ফলে একসঙ্গে অনেক অ্যাপ চালানো, ভারী গেম খেলা, ভিডিও সম্পাদনা কিংবা এআইভিত্তিক কাজ করা যায় দ্রুত ও সাবলীলভাবে। অন্যদিকে ২০ হাজার টাকার ফোনে সাধারণত এন্ট্রি-লেভেল বা মিডরেঞ্জ প্রসেসর থাকে। দৈনন্দিন কাজের জন্য এগুলো যথেষ্ট হলেও ভারী কাজের সময় ধীরগতির সমস্যা দেখা দিতে পারে।
ক্যামেরায় শুধু মেগাপিক্সেল নয়
অনেকের ধারণা, ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলেই ছবি ভালো হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। লাখ টাকার ফোনে উন্নত ইমেজ সেন্সর, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, উন্নত জুম লেন্স এবং শক্তিশালী ইমেজ প্রসেসিং প্রযুক্তি থাকে। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যায়। দূরের দৃশ্য জুম করেও অনেক ক্ষেত্রে বিস্তারিত ধরে রাখা সম্ভব। ২০ হাজার টাকার ফোনেও ভালো ক্যামেরা থাকতে পারে। তবে কম আলো, দ্রুত চলমান বিষয় কিংবা জুম করে ছবি তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায়।
ডিসপ্লে ও নির্মাণসামগ্রী
দামি ফোনে সাধারণত উন্নতমানের ওএলইডি বা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। এতে রং, কনট্রাস্ট ও উজ্জ্বলতা ভালো পাওয়া যায়। অনেক ফ্ল্যাগশিপ ফোনে ১২০ হার্টজ বা তার বেশি রিফ্রেশ রেট, উন্নত এইচডিআর সুবিধা এবং বেশি পিক ব্রাইটনেস থাকে।
অন্যদিকে কম দামের ফোনে সাধারণত এলসিডি বা তুলনামূলক সাধারণ অ্যামোলেড ডিসপ্লে দেখা যায়। পাশাপাশি দামি ফোনে টাইটানিয়াম বা উন্নত অ্যালুমিনিয়াম ফ্রেম, শক্তিশালী গ্লাস এবং পানি ও ধুলা প্রতিরোধের উন্নত ব্যবস্থা থাকতে পারে।
ব্যাটারি ও চার্জিং
দামি ফোন মানেই যে ব্যাটারি বেশি বড় হবে, তা নয়। বরং সেখানে ব্যাটারির পাশাপাশি চার্জিং প্রযুক্তি ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়। অনেক ফ্ল্যাগশিপ ফোনে ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট থাকে। ২০ হাজার টাকার ফোনে সাধারণত এসব সুবিধার কিছু অনুপস্থিত থাকে।
সফটওয়্যার ও নিরাপত্তা
দামি ফোনে দীর্ঘমেয়াদি সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট, উন্নত বায়োমেট্রিক নিরাপত্তা এবং বিভিন্ন এআই সুবিধা পাওয়া যায়। কিছু ফোনে স্যাটেলাইট যোগাযোগের মতো বিশেষ সুবিধাও থাকে। তবে এসব ফিচার সব দামি ফোনে নেই; মডেল ও ব্র্যান্ডভেদে পার্থক্য রয়েছে।
তাহলে কোন ফোন কিনবেন?
লাখ টাকার ফোনে মূলত পাওয়া যায় উন্নত প্রযুক্তি, বেশি পারফরম্যান্স, ভালো ক্যামেরা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা। অন্যদিকে ২০ হাজার টাকার ফোনেও সাধারণ ব্যবহারকারীর প্রয়োজনীয় অধিকাংশ কাজ করা সম্ভব। তাই শুধু দাম দেখে ফোন কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনি কী কাজে ফোন ব্যবহার করবেন, সেটি বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ লাখ টাকার ফোনে যে সুবিধাগুলো পাওয়া যায়, তার সবগুলো হয়তো আপনার প্রয়োজনই হবে না।


















