চিকিৎসাশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
২৪ নভেম্বর, মঙ্গলবার বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পরিচালকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দুই দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও সহযোগিতার ঐতিহ্যও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান বিএমইউতে ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতাও কামনা করেন তিনি।
জবাবে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “ফিলিস্তিনিরা আমাদের হৃদয়ে রয়েছে। ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা আন্তরিকভাবে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার আওতায় ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি চিকিৎসাশিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় বিএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী উপস্থিত ছিলেন।




















