মধ্যবিত্ত ও গেমারদের টার্গেট করে ‘কে’ সিরিজের নতুন স্মার্টফোন ‘অপো কে১৫ ফাইভজি’ (OPPO K15 5G) বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট অপো। কোম্পানিটি নিশ্চিত করেছে, আগামী ২৪ জুলাই চীনের বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। এর আগে এই সিরিজের প্রিমিয়াম মডেল ‘কে১৫ প্রো’ এবং ‘কে১৫ প্রো প্লাস’ লঞ্চ করার পর এবার স্ট্যান্ডার্ড মডেল হিসেবে কে১৫ বাজারে আসছে।
বিশাল ব্যাটারি, শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর এবং ফ্ল্যাগশিপ গ্রেডের কুলিং সিস্টেমের কারণে ফোনটি মিডরেঞ্জ সেগমেন্টে শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
১.৫কে ওএলইডি ডিসপ্লে ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
ভিজ্যুয়াল অভিজ্ঞতায় প্রিমিয়াম আমেজ দিতে অপো কে১৫ ফাইভজি-তে ব্যবহার করা হয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে রেজ্যুলুশনের টিয়ানমা এলটিপিএস ফ্ল্যাট ওএলইডি (Tianma LTPS Flat OLED) ডিসপ্লে। স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও মসৃণ করতে এই স্ক্রিনে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং উচ্চ ব্রাইটনেস সাপোর্ট থাকছে। এছাড়া বায়োমেট্রিক সুরক্ষার জন্য স্ক্রিনের নিচেই থাকছে দ্রুতগতির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
চমকপ্রদ প্রসেসর ও বিল্ট-ইন কুলিং ফ্যান
স্মার্টফোনটির পারফরম্যান্সের মূল চালিকাশক্তি হিসেবে রয়েছে ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত শক্তিশালী অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ সুপার (MediaTek Dimensity 7360 Super) চিপসেট, যা ২.০ গিগাহার্জ থেকে ২.৫ গিগাহার্জ ক্লক স্পিডে কাজ করতে সক্ষম।
দীর্ঘ সময় ভারী গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় প্রসেসরের থার্মাল পারফরম্যান্স ঠিক রাখতে অপো এতে একটি বিশাল ৪,৯৫০ বর্গমিমি ব্যপ্তির ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম যুক্ত করেছে। তবে সবচেয়ে বড় চমক হলো, ডিভাইসটির ভেতরে একটি বিল্ট-ইন কুলিং ফ্যান (Built-in Cooling Fan) দেওয়া হয়েছে, যা সাধারণত দামি গেমিং ফোনেই কেবল দেখা যায়। এটি দীর্ঘক্ষণ গেম খেললেও ফোনকে একদম ঠান্ডা রাখবে।
৮০০০ এমএএইচ ব্যাটারি ও বাইপাস চার্জিং
ব্যাটারি সেগমেন্টে অপো কে১৫ ফাইভজি অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে। এতে দেওয়া হয়েছে একটি দানবীয় ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারি, যা একবার ফুল চার্জে দীর্ঘ সময় ব্যাকআপ দেবে। বিশাল এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটি ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে।
গেমারদের সুবিধার্থে এতে ‘বাইপাস চার্জিং’ (Bypass Charging) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিদ্যুৎ সরাসরি ব্যাটারিতে না গিয়ে মাদারবোর্ডে পৌঁছাবে। এতে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে না এবং ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পায়।
ক্যামেরায় ট্রিপল ৫০ মেগাপিক্সেলের জুড়ি
ফটোগ্রাফির ক্ষেত্রে অপো কোনো রকম আপস করেনি। ফোনটির পেছনের ডুয়াল ক্যামেরা সেটআপের প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এর সাথে আল্ট্রা-ওয়াইড শট নেওয়ার জন্য রয়েছে আরও একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স। শুধু পেছনের ক্যামেরাই নয়, নিখুঁত ও ডিটেইলড সেলফি এবং উচ্চমানের ভিডিও কলিংয়ের সুবিধার্থে ফোনের সামনেও দেওয়া হয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
স্থায়িত্ব ও বাজারে লভ্যতা
পানি ও ধুলোবালি থেকে সর্বোচ্চ সুরক্ষার জন্য ডিভাইসটিতে ফ্ল্যাগশিপ গ্রেডের আইপি৬৮ ও আইপি৬৯ (IP68/IP69) রেটিং দেওয়া হয়েছে। কোম্পানিটি এখনও ফোনটির র্যাম (RAM) ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং এর অফিশিয়াল মূল্য তালিকা প্রকাশ করেনি। আগামী ২৪ জুলাইয়ের মূল লঞ্চ ইভেন্টে এই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।



















