স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছবি, ভিডিও থেকে শুরু করে ব্যাংকিং তথ্য—সবই থাকছে হাতের মুঠোয়। কিন্তু সাধের ফোনটি নষ্ট হলে মেরামতের জন্য টেকনিশিয়ানকে দেওয়ার সময় আপনার সামান্য অসাবধানতায় ফাঁস হয়ে যেতে পারে সব ব্যক্তিগত ডেটা। এমনকি পড়তে পারেন ব্ল্যাকমেলিংয়ের কবলে। নিজের স্মার্টফোনটি নিরাপদ রাখতে এবং ডেটা লিক হওয়া থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু বিষয় খেয়াল রাখা এখন সময়ের দাবি।
পাসওয়ার্ড দেওয়া মানেই নিয়ন্ত্রণ হারানো ফোন মেরামতের জন্য দিতে গেলে অনেক সার্ভিস সেন্টার বা মেকানিক ফোন ‘চেক’ করার অজুহাতে পাসওয়ার্ড বা পিন চেয়ে থাকেন। মনে রাখবেন, পাসওয়ার্ড দেওয়া মানেই আপনার ফোনটির পূর্ণ নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেওয়া। আপনার ব্যক্তিগত ছবি, ইমেইল এবং ব্যাংকিং অ্যাপ তাদের নাগালে চলে আসা। পরে ফোন মেরামত হয়ে গেলেও আপনার অজান্তেই ডেটা চুরি হয়ে যেতে পারে, যা ভবিষ্যতে ব্ল্যাকমেলিংয়ের কারণ হতে পারে।
রিপেয়ার মোড (Repair Mode) : ব্যবহার করুন বর্তমানে আধুনিক স্মার্টফোনগুলোতে ‘রিপেয়ার মোড’ নামে একটি বিশেষ ফিচার থাকে। এটি চালু করলে ফোনের মূল ডেটা লক হয়ে যায় এবং টেকনিশিয়ান কেবল মেরামতের জন্য প্রয়োজনীয় ফিচারগুলোই ব্যবহার করতে পারেন। আপনার ব্যক্তিগত ফাইলগুলো তাদের অগোচরেই থেকে যায়।
গেস্ট মোড (Guest Mode): একটি বিকল্প সমাধান যদি আপনার ফোনে রিপেয়ার মোড না থাকে, তবে ‘গেস্ট মোড’ ব্যবহার করতে পারেন। এটি আপনার ফোনে সম্পূর্ণ নতুন একটি প্রোফাইল তৈরি করে দেয়, যেখানে আপনার ব্যক্তিগত কোনো তথ্য দেখা যায় না। মেরামত শেষে ফোন ফেরত পাওয়ার পর আপনি আপনার মূল প্রোফাইলে ফিরে যেতে পারবেন।
সবচেয়ে নিরাপদ উপায়: ব্যাকআপ ও রিসেট কারিগরি বিষয়ে খুব বেশি ধারণা না থাকলে সবচেয়ে নিরাপদ উপায় হলো ফোনের সব ডেটা ব্যাকআপ নিয়ে সেটি ‘ফ্যাক্টরি রিসেট’ করে দেওয়া। এতে ফোনে আপনার কোনো তথ্যই অবশিষ্ট থাকবে না। মেরামত শেষে পুনরায় লগইন করে আপনার তথ্যগুলো রিস্টোর করে নিতে পারবেন।
মনে রাখুন: কোনো অনুমোদিত সার্ভিস সেন্টারেরই গ্রাহকের ব্যক্তিগত পাসওয়ার্ড চাওয়ার অধিকার নেই। সামান্য সচেতনতাই পারে আপনার ব্যক্তিগত জীবনকে বড় ঝুঁকি থেকে রক্ষা করতে।






















