ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাণ শিল্পে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরীয় সংসদ সদস্য কিম ইয়ং-বে জানিয়েছেন যে, এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিকল্পিত এআই ডেটা সেন্টার নির্মাণের কাজ ব্যাহত হতে পারে।
স্যামসাং ইলেকট্রনিক্সসহ প্রধান চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের পর কিম এই সতর্কবার্তা দেন।
কিম ইয়ং-বে আরো জানান, ডেটা সেন্টার নির্মাণের প্রকল্পগুলো পিছিয়ে গেলে বিশ্ববাজারে চিপের যে জোরালো চাহিদা রয়েছে, তাতে ভাটা পড়তে পারে। এর পাশাপাশি চিপ তৈরির জন্য অপরিহার্য কিছু কাঁচামাল, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা হিলিয়াম গ্যাস সরবরাহের ক্ষেত্রেও সংকট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে চিপ উৎপাদন প্রক্রিয়া বড় ধরনের বাধার মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















