দীর্ঘদিনের পরিচিত ডিজাইন থেকে সরে এসে নতুন ‘পাসপোর্ট-স্টাইল’ ফর্ম ফ্যাক্টরে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮ (Galaxy Z Fold 8)। ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং এবং এক হাতে ব্যবহার সহজ করতে এবার ডিভাইসটির ডিসপ্লে অনুপাতে বড় পরিবর্তন এনেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
নতুন মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ১৬:১০ অনুপাতের কভার ডিসপ্লে এবং ভেতরে ৩:৪ অনুপাতের ৭.৮ ইঞ্চির Dynamic AMOLED 2X ফোল্ডেবল স্ক্রিন। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস উজ্জ্বলতা সমর্থন করে।
স্যামসাং জানিয়েছে, নতুন Flex Titanium প্রযুক্তির কারণে স্ক্রিনের মাঝখানের ক্রিজ আগের তুলনায় অনেক কম দৃশ্যমান হবে, ফলে বড় পর্দায় ভিডিও দেখা ও অন্যান্য কনটেন্ট উপভোগের অভিজ্ঞতা আরও উন্নত হবে।
ডিভাইসটির ওজন ২০১ গ্রাম। এতে ব্যবহৃত হয়েছে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেট, সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজের বিকল্প।
ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। ব্যাটারি ধারণক্ষমতা ৪,৮০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (mAh) এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক One UI 9 অপারেটিং সিস্টেমে চলবে। এতে Galaxy AI ও Gemini-ভিত্তিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া সাত বছরের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং।
গ্রাফাইট, ক্রিম, ল্যাভেন্ডার এবং পিস্তাশিও (Samsung Store Exclusive) রঙে পাওয়া যাবে গ্যালাক্সি জেড ফোল্ড ৮। যুক্তরাজ্যে ২৫৬ জিবি সংস্করণের প্রারম্ভিক মূল্য ১,৬৯৯ পাউন্ড।





















