ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস প্যাড ৪ বাজারে আনার পর ট্যাবলেট পোর্টফোলিও আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। চলতি বছরের শেষভাগে ট্যাবলেট বিভাগে নতুন ডিভাইস যুক্ত করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওয়ানপ্লাস ইন্ডিয়ার আইওটি (IoT) বিজনেস প্রধান বরুণ ঝা।
ভারতীয় প্রযুক্তিবিষয়ক সাময়িকী ৯১মোবাইলস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ দিকে ট্যাবলেট বিভাগে নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে নতুন ডিভাইসটির নাম, স্পেসিফিকেশন বা বাজারে আসার নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে বাজারে গুঞ্জন ছিল, অ্যাপলের আইপ্যাড মিনি-কে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের একটি ট্যাবলেট আনতে পারে ওয়ানপ্লাস। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করা হয়েছে।
বরুণ ঝার ভাষ্য, মাল্টিটাস্কিং, উৎপাদনশীলতা, নোট নেওয়া এবং কনটেন্ট তৈরির মতো কাজে ব্যবহারকারীদের বড় পর্দার ট্যাবলেটের প্রতি আগ্রহ বাড়ছে। তাই কমপ্যাক্ট ট্যাবের পরিবর্তে বড় ডিসপ্লে ও প্রোডাক্টিভিটিকেন্দ্রিক ডিভাইসেই গুরুত্ব দেবে ওয়ানপ্লাস।
প্যাড ৪-এর জন্য আসছে স্মার্ট কিবোর্ড
নতুন ট্যাবলেটের পাশাপাশি ওয়ানপ্লাস প্যাড ৪-এর জন্য স্মার্ট কিবোর্ড অ্যাকসেসরি বাজারে আনার প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি। বরুণ ঝা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে এটি বিক্রি শুরু হতে পারে।
ওয়ানপ্লাসের তথ্য অনুযায়ী, কিবোর্ডটিতে রয়েছে ৭৮টি কী এবং ১.৫ মিলিমিটার কী ট্রাভেল। এতে ট্যাবলেটটিকে ল্যাপটপধাঁচের কাজের জন্য ব্যবহারের সুযোগ আরও বাড়বে। তবে কিবোর্ডটির দাম এখনও জানানো হয়নি।
ওয়ানপ্লাস প্যাড ৪-এ যা আছে
চলতি বছরের এপ্রিলে ভারতে উন্মোচিত ওয়ানপ্লাস প্যাড ৪-এ রয়েছে ১৩.২ ইঞ্চির ৩.৪কে ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ট্যাবটিতে রয়েছে ১৩,৩৮০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি পাবে তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট।
নতুন ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাস কবে প্রকাশ করবে, তা এখনও জানানো হয়নি।






















