কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে জাপান। আগামী আট বছরে চার গুণেরও বেশি এআই ডেটা সেন্টার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। এ পদক্ষেপ বাস্তবায়ন হলে এআই খাতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরই শক্ত অবস্থানে চলে আসবে জাপান। খবর নিক্কেই এশিয়া।
২৬টি ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এ অনুসন্ধানে দেখা যায়, ২২টি প্রতিষ্ঠানই জাপানে নতুন এআই ডেটা সেন্টার তৈরিতে প্রস্তুত।
কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের হিসাব অনুযায়ী, প্রতি গিগাওয়াট ডেটা সেন্টার নির্মাণে গড়ে ১ হাজার ৬০০ কোটি ডলার খরচ হয়। সে হিসাবে জাপানের নতুন অবকাঠামো তৈরিতে মোট খরচ হবে প্রায় ৬ হাজার কোটি ডলার। তবে এর সঙ্গে প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় দামি সার্ভার ও সেমিকন্ডাক্টরের মূল্য যোগ করলে মোট বিনিয়োগ শতকোটি ডলার ছাড়িয়ে যাবে।
২০৩০ সালের মধ্যে জাপানের এআই চাহিদা মেটাতে ৪ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার প্রয়োজন হবে বলে অনুমান করছে সফটব্যাংক। এ লক্ষ্য বাস্তবায়নে জাপানের প্রযুক্তি জায়ান্ট এনটিটি গ্রুপ ২০৩৩ সালের মধ্যে নিজেদের সক্ষমতা ২ গিগাওয়াটে নেয়ার লক্ষ্য স্থির করেছে।
অন্যদিকে সফটব্যাংক ২০২৭ সালের মধ্যে নিজেদের সক্ষমতা চার গুণ বাড়িয়ে ২৫৫ মেগাওয়াট করতে কাজ করছে।




















