স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের বেজেল প্রায় পুরোপুরি সরিয়ে দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ‘জিরো-বেজেল কনসেপ্ট ফোন’ নামে প্রতিষ্ঠানটির পরীক্ষামূলক একটি ডিভাইসের নকশায় প্রচলিত স্মার্টফোনের তুলনায় ভিন্নধর্মী ডিসপ্লে প্রযুক্তির ব্যবহার দেখা গেছে।
টেকনোর Camon Slim 5G-কে ভিত্তি করে তৈরি এই কনসেপ্ট ফোনে ডিসপ্লের চারপাশে দৃশ্যমান কালো বর্ডার বা বেজেল রাখা হয়নি। ফলে স্ক্রিনটি ডিভাইসের একেবারে প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে।
প্রযুক্তিপ্রেমীদের কাছে এমন নকশা নতুন নয়। এর আগে Xiaomi Mi MIX সিরিজের ফোনগুলোও তুলনামূলক পাতলা বেজেলের মাধ্যমে স্মার্টফোনের ডিসপ্লে ডিজাইনে পরিবর্তনের ধারণা সামনে এনেছিল।
ডিসপ্লের পাশাপাশি বদলেছে অভ্যন্তরীণ নকশা
জিরো-বেজেল নকশা বাস্তবায়নে টেকনোকে ফোনটির অভ্যন্তরীণ কাঠামোতেও পরিবর্তন আনতে হয়েছে। ডাবল-লেয়ার গ্লাস এবং র্যাপ-অ্যারাউন্ড সার্কিট অ্যাসেম্বলি ব্যবহারের কারণে কনসেপ্ট ফোনটি মূল Camon Slim 5G-এর তুলনায় কিছুটা মোটা হয়েছে।
তবে উচ্চতার দিক থেকে এটি মূল মডেলের চেয়ে সামান্য ছোট।
সফটওয়্যারে ডিভাইসটিকে ‘Camon Slim’ হিসেবে শনাক্ত করা যায়। এতে রয়েছে MediaTek Dimensity 7300e চিপসেট এবং ৬,০০০ mAh ব্যাটারি।
এখনই বাজারে আসছে না
তবে বেজেলহীন এই ফোনকে বাজারে বিক্রির জন্য প্রস্তুত পণ্য হিসেবে দেখছে না টেকনো। এটি মূলত প্রতিষ্ঠানটির প্রকৌশল সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি একটি Proof of Concept বা পরীক্ষামূলক ডিভাইস।
ফোনটিতে কার্যকর সিম ব্যবহারের সুবিধাও নেই। বাইরে সিম ট্রের মতো একটি কাটআউট দেখা গেলেও সেটি বাস্তবে কোনো কার্যকর সিম স্লট নয়।
এ ছাড়া ডিভাইসটির সফটওয়্যারেও স্থিতিশীলতার সমস্যা রয়েছে। প্রাথমিক সেটআপের সময় কারিগরি জটিলতার পাশাপাশি ফোনটি এলোমেলোভাবে রিসেট হওয়ার ঘটনাও দেখা গেছে।
ভবিষ্যতের স্মার্টফোনে প্রভাব
টেকনোর এই পরীক্ষার মূল আকর্ষণ তাই শুধু বেজেলহীন স্ক্রিন নয়, বরং এমন ডিসপ্লে বাস্তবে তৈরি করতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রকৌশল।
প্রযুক্তিটি যদি ভবিষ্যতে আরও উন্নত করে কম খরচে গণহারে উৎপাদন করা সম্ভব হয়, তাহলে টেকনোর বর্তমান কনসেপ্টের মতো প্রায় পুরোপুরি বর্ডারলেস ফ্রন্ট গ্লাস ও আল্ট্রা-স্লিম এজ ডিসপ্লে মূলধারার স্মার্টফোনেও দেখা যেতে পারে।




















