কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিশ্বব্যাপী সরবরাহের ঘাটতি সামাল দিতে এবার উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপ উৎপাদনের সম্ভাবনা বিবেচনা করছে বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসিএমসি)।
মার্কিন প্রযুক্তিমাধ্যম দ্য ইনফরমেশনের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে, মূল গ্রাহক এনভিডিয়ার বিশেষ অনুরোধেই এই কৌশলগত রূপরেখা নিয়ে কাজ শুরু করেছে তাইওয়ানিজ এই চিপ জায়ান্ট।
থ্রিডি ডির্যাম প্রযুক্তি ও এনভিডিয়ার সমীকরণ
প্রতিবেদনের তথ্যানুযায়ী, টিএসএমসি বর্তমানে ‘থ্রিডি ডির্যাম’ নামক এক ধরনের অত্যাধুনিক মেমোরি চিপ তৈরির বিস্তারিত পরিকল্পনা সাজাচ্ছে।
প্রচলিত অনুভূমিক মেমোরি কাঠামোর পরিবর্তে এই প্রযুক্তিতে মেমোরি সেলগুলোকে উল্লম্বভাবে বা ওপর-নিচে স্তরীভূত করে সাজানো হয়, যার ফলে চিপের সার্বিক তথ্য ধারণক্ষমতা ও ডেটা স্থানান্তরের গতি বহুগুণ বৃদ্ধি পায়।
উচ্চগতির এআই সার্ভার ও প্রসেসরের কাজের প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা এখন অপরিসীম। নতুন এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন টিএসএমসির অ্যাডভান্সড প্যাকেজিং বিভাগের সহ-সভাপতি সু কুও-চিন।
উৎপাদন সম্প্রসারণ ও নতুন প্রতিযোগিতার আভাস
বিশ্বজুড়ে এআই-চালিত বিশেষায়িত প্রসেসর ও মেমোরি উপকরণের তীব্র সংকটের কারণে বাজারে এগুলোর মূল্যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যা এনভিডিয়ার মতো চিপ ডিজাইনারদের বিকল্প সমাধানের পথ খুঁজতে বাধ্য করছে।
এই চাহিদা সামাল দিতে টিএসএমসি নতুন উৎপাদন কারখানা নির্মাণের পাশাপাশি ইতিমধ্যে গড়ে ওঠা কোনো বিদ্যমান প্ল্যান্ট অধিগ্রহণ করে মেমোরি চিপ উৎপাদনে রূপান্তর করার সম্ভাবনা খতিয়ে দেখছে।
এর আগে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজিও একই প্রক্রিয়ায় একটি প্ল্যান্ট অধিগ্রহণ করে নিজেদের ডিড্রাম উৎপাদনে রূপান্তর করেছিল।
টিএসএমসি যদি শেষ পর্যন্ত উন্নত মেমোরি মেকিং বা প্রোডাকশন খাপ খাইয়ে পুরোপুরি বাজারে প্রবেশ করে, তবে মেমোরি খাতের প্রতিষ্ঠিত বিশ্ব পরাশক্তি- যেমন দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এসকে হাইনিক্স এবং আমেরিকার মাইক্রনের সাথে তাদের বহুমাত্রিক ও তীব্র প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হবে।


















