প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। একই ধরনের অঙ্গীকার করেছে উর্মি গ্রুপ ও লা মেরিডিয়ান ঢাকা। সম্প্রতি হোটেলটিতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) যৌথ আয়োজনে ‘এমপাওয়ারঅ্যাবিলিটি: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এ অঙ্গীকার ঘোষণা করা হয়। ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সম্মেলনটি আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে উর্মি গ্রুপ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর অন্তত ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের প্রতিশ্রুতি দেয়। লা মেরিডিয়ান ঢাকা বিবিডিএনের মাধ্যমে প্রতিবন্ধী স্নাতকদের অন্তত ২০টি ইন্টার্নশিপের সুযোগ দেয়ার অঙ্গীকার করে।
সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রবেশগম্যতা ও সহায়ক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। বিবিডিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগদাতা, উন্নয়ন সহযোগী ও প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিডিএন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আরদাশির কবীর।

















