অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসা মুঠোফোনের ব্যবহার বন্ধে আগামী বছরের ১ জানুয়ারি থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার মাধ্যমে ওই দিন থেকে নতুন করে মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়া অনিবন্ধিত ফোন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কার্যক্রমটি চূড়ান্তভাবে শুরুর জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সরকারের সম্মতি পাওয়া গেলে ২০২৭ সালের প্রথম দিন থেকেই অবৈধভাবে আমদানি করা ফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জানান, বর্তমানে এনইআইআর ব্যবস্থা চালু রয়েছে। মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনের আইএমইআই নম্বর শনাক্ত করে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। তবে অবৈধ ফোন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার সুবিধাটি এখনো সক্রিয় করা হয়নি।
এনইআইআর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন জানান, গত ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা চালু রয়েছে এবং এটি সচল আছে। মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সেগুলোর তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। তবে অবৈধ ফোনের সংযোগ বন্ধ করার সুবিধাটি এখনো চালু হয়নি।
তিনি বলেন, আগামী বছর থেকে ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বা অবৈধভাবে আমদানি করা ফোন যাতে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি কবে ও কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
এনইআইআর কী, যেভাবে কাজ করবে
এনইআইআর হলো মুঠোফোন শনাক্ত ও নিবন্ধনের কেন্দ্রীয় তথ্যভান্ডার। প্রতিটি ফোনের ১৫ অঙ্কের স্বতন্ত্র পরিচিতি নম্বর বা আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ব্যবহার করে এই ব্যবস্থা কাজ করে। কোনো ফোন মোবাইল নেটওয়ার্কে যুক্ত হলে অপারেটরের মাধ্যমে এর আইএমইআই নম্বর শনাক্ত করা হয়। এরপর কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে ফোনটির নিবন্ধন ও বৈধতা যাচাই করা সম্ভব।
বৈধভাবে আমদানি করা এবং দেশে উৎপাদিত ফোনের আইএমইআই নম্বর ডেটাবেজে থাকার কথা। অন্যদিকে, শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ফোনের তথ্য সেখানে না থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় বৈধতা প্রমাণ করতে না পারার কারণে সেগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ করা যেতে পারে। চুরি বা হারিয়ে যাওয়া ফোনের ব্যবহার নিয়ন্ত্রণেও এই ব্যবস্থা কাজে লাগতে পারে।
সাধারণত দুটি সিম ব্যবহারের সুবিধা থাকা ফোনে দুটি আইএমইআই নম্বর থাকে। তাই ফোনের সব আইএমইআই নম্বর যাচাই করা জরুরি। ডায়াল প্যাডে *#06# লিখে কল করলেই আইএমইআই নম্বর দেখা যায়। এ ছাড়া ফোনের বক্স, ক্রয়রসিদ বা সেটিংস থেকেও নম্বরটি পাওয়া যায়।
ফোনের নিবন্ধন তথ্য যাচাই করতে মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি স্পেস দিয়ে ১৫ অঙ্কের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে পাঠাতে হয়। ফিরতি বার্তায় ফোনটির নিবন্ধনসংক্রান্ত তথ্য জানা যায়।
আগে সচল থাকা ফোন বন্ধ হবে না
বাজারে অবৈধ ও অননুমোদিত হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে চলতি বছরের ১ জানুয়ারি এনইআইআর ব্যবস্থা চালু করে বিটিআরসি। এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব ফোনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে আগে থেকেই ব্যবহৃত আনঅফিশিয়াল ফোনগুলোও সচল রয়েছে।
বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনের আইএমইআই নম্বর যাচাই করে অবৈধ বা অননুমোদিত হ্যান্ডসেটের সংযোগ বন্ধ করার কথা ছিল। কিন্তু এনইআইআর চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন করার সুবিধাটি সক্রিয় না করায় ডেটাবেজে তথ্য সংরক্ষিত হলেও অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি।
এবার সেই সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারির পর নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ ফোন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে এর আগে থেকে দেশের নেটওয়ার্কে সচল থাকা ফোনগুলো ডেটাবেজে থাকবে। পাশাপাশি অনুমোদিত আমদানিকারক ও দেশীয় উৎপাদকেরা তাঁদের অবিক্রীত ফোনের আইএমইআই তথ্যও ডেটাবেজে যুক্ত করার সুযোগ পাবেন।
বিটিআরসির কর্মকর্তারা বলছেন, ডেটাবেজে কোনো ফোনের তথ্য থাকা মানেই সেটির আমদানি বৈধ—এমন নয়। পুরোনো ব্যবহারকারীদের ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ভোগান্তি এড়াতে আগে থেকে সচল ফোনগুলো ডেটাবেজে রাখা হচ্ছে। প্রথম ধাপের মূল লক্ষ্য হলো, নতুন করে অবৈধ ফোন বাজারে প্রবেশ করে মোবাইল নেটওয়ার্কে যুক্ত হতে না দেওয়া।
দুই ধাপে কার্যকর হবে এনইআইআর
বিটিআরসির পরিকল্পনায় এনইআইআর ব্যবস্থা দুই ধাপে কার্যকর করার কথা রয়েছে। প্রথম ধাপে অবৈধভাবে আমদানি করা বা উৎপাদিত ফোন শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা চালু হবে। দ্বিতীয় ধাপে ফোনের মালিকানা পরিবর্তন বা ডি-রেজিস্ট্রেশনের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ধাপ চালু হলে ফোন বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে আগের মালিকের তথ্যের পরিবর্তে নতুন মালিকের তথ্য যুক্ত করা যাবে। একই আইএমইআই নম্বর ব্যবহার করে একাধিক ফোন চালানোর মতো অনিয়ম শনাক্ত করতেও এ ব্যবস্থা সহায়ক হতে পারে। তবে দ্বিতীয় ধাপ চালুর সময় এখনো নির্ধারণ করা হয়নি।
প্রথম ধাপে ক্লোন বা নকল আইএমইআই ব্যবহার করা ফোন শনাক্ত ও বন্ধ করার সব সুবিধা কার্যকর হবে না। এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে দ্বিতীয় ধাপের কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিটিআরসি।
বছরে দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
বিটিআরসির কর্মকর্তারা বলছেন, অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণ, আমদানি শুল্ক ও কর ফাঁকি বন্ধ এবং বৈধভাবে ফোন আমদানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যেই এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাবে, অবৈধ ফোন আমদানি ও বিক্রির কারণে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এ ধরনের রাজস্ব ফাঁকি বন্ধে এনইআইআর কার্যকর করার উদ্যোগ নিতে বিটিআরসিকে অনুরোধ জানিয়েছিল।
তবে এনইআইআর কার্যকরের উদ্যোগ নতুন নয়। ২০২১ সালের ১ জুলাই পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি চালু করা হয়েছিল। তখন এর গুরুত্বপূর্ণ কিছু সুবিধা কার্যকর হয়নি। পরে ২০২৫ সালের শেষ দিকে আবারও এটি চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও ব্যবসায়ীদের আপত্তি এবং অবিক্রীত ফোনের আইএমইআই তথ্য জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সময় পিছিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীদের আপত্তি, পক্ষে দেশীয় উৎপাদকরা
এনইআইআর কার্যকরের উদ্যোগ ঘিরে তখন মুঠোফোন ব্যবসায়ীদের একাংশের মধ্যে ব্যাপক প্রতিবাদ দেখা যায়। তাঁদের দাবি ছিল, অবৈধ ফোন বন্ধের আগে আমদানি শুল্ক ও করের হার যৌক্তিক করতে হবে, বৈধভাবে ফোন আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে এবং ব্যবহৃত ফোন আমদানির সুযোগ দিতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পর্যাপ্ত সময় দেওয়ার দাবিও জানান তাঁরা।
ব্যবসায়ীদের আশঙ্কা, যথাযথ প্রস্তুতি ছাড়া অবৈধ ফোন বন্ধ করা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজারে ফোনের দাম বাড়তে পারে।
অন্যদিকে, স্থানীয়ভাবে ফোন উৎপাদন ও আমদানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) এনইআইআর কার্যকরের পক্ষে অবস্থান নিয়েছে। সংগঠনটির বক্তব্য, অবৈধ ফোনের কারণে বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদকেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এসব ফোনের প্রবেশ বন্ধ হলে দেশীয় শিল্প সুরক্ষা পাবে এবং সরকার রাজস্ব পাবে।
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিটিআরসি
সার্বিক বিষয়ে বিটিআরসির সদ্য সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, আগামী বছর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকেই এনইআইআর পুরোপুরি কার্যকর করতে, অর্থাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় বিটিআরসি। এ বিষয়ে সরকারের মতামত জানতে চাওয়া হয়েছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলেই পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।
এদিকে এনইআইআর পুরোপুরি কার্যকর হওয়ার আগে, অর্থাৎ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনগুলোর সংযোগ বন্ধ করা হবে না। এর মধ্যে অবৈধভাবে আমদানি করা বা আনঅফিশিয়াল ফোনও রয়েছে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনের নিবন্ধন ও বৈধতা যাচাই করা হবে। অনিবন্ধিত ফোন শনাক্ত হলে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।
৩১ ডিসেম্বর পর্যন্ত নেটওয়ার্কে যুক্ত হওয়া আনঅফিশিয়াল ফোনগুলোর বিষয়ে জানতে চাইলে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন বলেন, নির্ধারিত সময়ের আগে নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনগুলোকে বৈধ হিসেবেই বিবেচনা করা হবে। ফলে এনইআইআর পুরোপুরি কার্যকর হওয়ার কারণে আগে থেকে ব্যবহৃত ফোন বন্ধ হওয়ার আশঙ্কা নেই।





















