অতিরিক্ত অর্থ দিয়ে ‘রিপ্লেসমেন্ট সার্ভিস’ কেনার পরও আইফোন বদলে না দেওয়ার অভিযোগ উঠেছিল প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে টেকজুমে সংবাদ প্রকাশের পর অবশেষে নতুন ফোন রিপ্লেসমেন্ট পেয়েছেন গ্রাহক সিয়াম খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিয়াম খান জানিয়েছেন, ড্যাজল থেকে তিনি ফোন রিপ্লেসমেন্ট পেয়েছেন। এর আগে ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার পর রিপ্লেসমেন্ট চাইতে গেলে প্রতিষ্ঠানটি ফিজিক্যাল ড্যামেজের কারণ দেখিয়ে আবেদন প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
সিয়ামের দেওয়া ক্রয় রসিদ অনুযায়ী, ২০২৬ সালের ২৯ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটির ড্যাজল শোরুম থেকে ৫১২ জিবি স্টোরেজের একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স (সিলভার) কেনেন তিনি। ফোনটির দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
ফোনের সঙ্গে ‘ড্যাজল কেয়ার+ ফর অ্যাপল প্রোডাক্টস (নিউ রিপ্লেসমেন্ট ফর ৩৬৫ ডেজ)’ নামে একটি সার্ভিসও কেনেন তিনি। এ জন্য অতিরিক্ত ৮ হাজার ৯০৭ টাকা ১৫ পয়সা দিতে হয়। একটি অ্যাপল ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টারসহ মোট কেনাকাটার পরিমাণ ছিল ১ লাখ ৯০ হাজার ৩৯৭ টাকা।
সিয়ামের অভিযোগ ছিল, ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার পর রিপ্লেসমেন্ট চাইলে ড্যাজল ফিজিক্যাল ড্যামেজের কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানায়। অথচ কেনার সময় ফিজিক্যাল ড্যামেজ থাকলে রিপ্লেসমেন্ট সুবিধা বাতিল হবে—এমন কোনো শর্ত তাঁকে স্পষ্টভাবে লিখিতভাবে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।




















