যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএস এয়ার ফোর্স) গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এর ফলে সামরিক কৌশল, জনবল ও রসদ ব্যবস্থাপনা–সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে অবগত অন্তত দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটি উন্নত করার কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটা বিস্তৃত কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও কার্যক্রমের সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন মেটানোর একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। এতে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের ক্লাউড সেবা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য উৎসের তথ্য একত্র করে এই ব্যবস্থা। রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ও। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে এই ব্যবস্থা।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এসএআইসি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজন জানিয়েছেন, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাদের একজন বলেন, এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।
ক্ষয়ক্ষতি মূল্যায়নে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার কার্যক্রম পরিচালনাকারী সংস্থা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সাইবার কমান্ড।
এদিকে হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। সূত্রগুলোর দুজন এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক কাজের অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের উদ্যোগ স্থগিত রাখা হয়েছে।
ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশ পাওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা সেগুলোর সমাধানে প্রয়োজনীয় আপডেট প্রয়োগ করতে পারছেন না। আরেকটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।
রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছে। একটি সূত্রের দাবি, সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করেছিল। কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন ওই সূত্র। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে হ্যাকাররা তাত্ত্বিকভাবে সামরিক উড়োজাহাজের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল সম্পর্কে তথ্য জানতে পারত। তবে এ ঘটনায় তারা এমন কোনো তথ্য সংগ্রহ করেছে কি না, তা স্পষ্ট নয়। হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের খবর এমন সময়ে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা উদ্বেগের কারণ। কারণ, এআই মডেল ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্কের দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব।
সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাবও সামলাতে হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে। এর মধ্যে রয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর দুটি হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি সাইবার হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি অনুপ্রবেশ এবং দেশটির অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
তবে হ্যাকারদের লক্ষ্যবস্তু হিসেবে ক্লাউড ওয়ান নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির কর্মকর্তারা দাবি করেছিলেন, বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে তাদের ‘শতভাগ সাফল্য’ রয়েছে। নিবন্ধে তারা লিখেছিলেন, নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।




















