দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের ঘাটতি বা মূল্যবৃদ্ধির আশঙ্কা সংক্রান্ত প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটি দাবি করেছে, বর্তমানে দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও সংকটের কোনো আশঙ্কা নেই, বরং চাহিদার তুলনায় অধিক ব্যান্ডউইথ সরবরাহের সক্ষমতা রয়েছে বিএসসিপিএলসির।
বুধবার (২ সেপ্টেম্বর) বিএসসিপিএলসির উপব্যবস্থাপক (জনসংযোগ) আবদুর নূর তুষার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ও অনলাইন পোর্টালে ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা” এবং “ব্যান্ডউইথ সংকটে বাড়তে পারে ইন্টারনেটের দাম, কমতে পারে গতি”শিরোনামে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতাবিবর্জিত।
বিএসসিপিএলসি জানিয়েছে, দেশের ভবিষ্যৎ ব্যান্ডউইথের চাহিদার কথা মাথায় রেখে বিএসসিপিএলসি তাদের বিদ্যমান দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল সিস্টেম ‘সি-মি-উই-৪’ ও ‘সি-মি-উই-৫’-এর পাশাপাশি তৃতীয় আরেকটি সাবমেরিন ক্যাবল সিস্টেম ‘সি-মি-উই-৬’ বাস্তবায়নের কাজ করছে। ফলে বর্তমানে বিদ্যমান দুটি সাবমেরিন ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ ইতোমধ্যেই সরবরাহ করা হচ্ছে এবং আরও প্রায় ৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের প্রস্তুত সক্ষমতা বিএসসিপিএলসির রয়েছে।
এছাড়া, ২০২৭ সালে সি-মি-উই-৬ চালু হলে নতুন করে আরো ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ যুক্ত হবে। ফলে ২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে ৪১ হাজার জিবিপিএসে। যেখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রক্ষেপণ অনুযায়ী ২০৩০ সালে দেশে মোট ব্যান্ডউইডথের চাহিদা হবে ৩০ হাজার জিবিপিএস।
পাশাপাশি দেশের ৬টি আইটিসি অপারেটরের মাধ্যমেও চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে এবং চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।
বিএসসিপিএলসি জানায়, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কোন ঘাটতি নেই কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির সম্ভাবনা নেই।
তাছাড়া বিএসসিপিএলসি ইতোমধ্যে ব্যান্ডউইথের দাম কমানোসহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজে ব্যান্ডউইথ প্রদান করছে, যা আন্তর্জাতিক ব্যান্ডউইডথকে আরো সাশ্রয়ী করেছে। ভবিষ্যতে ব্যান্ডউইডথ এর ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বিএসসিপিএলসি আরো সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যান্ডউইথ সংকট কিংবা ব্যান্ডউইথের দাম বৃদ্ধি সংক্রান্ত প্রচারিত সংবাদটি সঠিক নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে বিচলিত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।





















