দেশের টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে।
সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞার মতো পদক্ষেপকে নাগরিক অধিকার সুরক্ষায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।
মতামত পাঠানোর আহ্বান
প্রস্তাবিত এই অধ্যাদেশের ওপর যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মতামত প্রদান করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতামত পাঠানো যাবে নিম্নলিখিত মাধ্যমে:
- ই-মেইল: secretary@ptd.gov.bd
- চিঠিযোগে: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।






















