মাইক্রোসফটের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিসির নীল স্ক্রিনে লেখা ‘উইন্ডোজ’, দৈনন্দিন কাজের ‘অফিস’ কিংবা গেমিংয়ের প্রিয় সঙ্গী ‘এক্সবক্স’।
তবে মাইক্রোসফটের ব্যবসা এখন আর শুধু এসব পণ্যেই সীমাবদ্ধ নেই। ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), করপোরেট সফটওয়্যার, পেশাজীবীদের নেটওয়ার্কিং প্লাটফর্ম লিংকডইন ও গেমিং ব্যবসাও কোম্পানিটির গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক বছরে বিশেষ করে ক্লাউড ও এআইকে ঘিরে মাইক্রোসফটের ব্যবসা বেশ বিস্তৃত হয়েছে। ফলে এখন উইন্ডোজের পর্দার আড়ালেই গড়ে উঠছে বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসার বড় একটি অংশ।
বিল গেটস ও পল অ্যালেনের হাত ধরে ১৯৭৫ সালে ছোট এক সফটওয়্যার ফার্ম হিসেবে যাত্রার শুরু। এরপর ১৯৮৫ সালে উইন্ডোজের মাধ্যমে পারসোনাল কম্পিউটিংয়ে এক ঐতিহাসিক বিপ্লব ঘটায় কোম্পানিটি। তবে ২০১৪ সালে সত্য নাদেলা শীর্ষ পদে আসার পর বদলে যেতে থাকে মাইক্রোসফট।”



















