৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
বড় ব্যাটারি, উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে ও টেকসই নির্মাণের ওপর জোর দিয়ে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন ‘পকো এক্স৮’ (Poco X8) বাজারে আনছে শাওমির ব্র্যান্ড পকো। ভারতে ৪ সেপ্টেম্বর ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের কথা রয়েছে।
পকোর নতুন এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ এর ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১.৫কে রেজুলেশনের ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং একাধিক স্তরের পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা।
ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট
পকো এক্স৮-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর রেজুলেশন ২৭৭২ × ১২৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,৫০০ নিটস পর্যন্ত।
চোখের ওপর চাপ কমাতে এতে ৩৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি রয়েছে। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ভিক্টাস ২।
স্ন্যাপড্রাগন চিপ ও ১২ জিবি পর্যন্ত র্যাম
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেট। প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ।
ফোনটির সর্বোচ্চ কনফিগারেশনে থাকছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। বেশি র্যামের পাশাপাশি উন্নত স্টোরেজ প্রযুক্তির কারণে অ্যাপ চালানো ও মাল্টিটাস্কিংয়ে ভালো পারফরম্যান্স পাওয়ার দাবি করা হয়েছে।
৫০ মেগাপিক্সেলের ক্যামেরা
ছবি তোলার জন্য পেছনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০পি রেজুলেশনে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও ধারণ করা যাবে।
৮,৩৪০mAh ব্যাটারি
পকো এক্স৮-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর ৮,৩৪০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। এতে ৬৭ ওয়াট হাইপারচার্জ প্রযুক্তি রয়েছে। পাশাপাশি অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য ২২.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধাও পাওয়া যাবে।
প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী, ১,৬০০ বার চার্জিং সাইকেল সম্পন্ন হওয়ার পরও ব্যাটারিটি ৮০ শতাংশ পর্যন্ত ধারণক্ষমতা ধরে রাখতে সক্ষম।
পানি ও ধুলা প্রতিরোধে একাধিক রেটিং
স্থায়িত্বের দিক থেকেও ফোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে।
এ ছাড়া ডিভাইসটি ২ মিটার পানির নিচে ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার সক্ষমতা এবং ৩ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয়েছে।
সফটওয়্যার ও অন্যান্য সুবিধা
পকো এক্স৮-এ থাকছে Xiaomi HyperOS 3। এ ছাড়া গুগল জেমিনি, সার্কেল টু সার্চ, এনএফসি, ইনফ্রারেড ব্লাস্টার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুবিধা রয়েছে।





















