জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ১১ হাজার ৮০০ কোটি ইয়েন। বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায়ও এ মুনাফা অনেক কম।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) জরিপে নয়জন বিশ্লেষক গড়ে ২৫ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।
বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবসা পুনর্গঠনের কারণে আগের অর্থবছরে ৯০০ কোটি ডলারের বেশি ব্যয় করতে হয়েছে হোন্ডাকে। এর প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির আর্থিক ফলে।
গত মে মাসে প্রকাশিত হিসাবে প্রায় ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো বার্ষিক লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের বাজারে হাইব্রিড গাড়ির ব্যবসা বাড়ানোর দিকে নজর দিচ্ছে হোন্ডা।


















