স্মার্টফোনের প্রচলিত স্ক্রিনের নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান। আগামী বছর বড় বা ওয়াইড-স্ক্রিনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ওয়ানপ্লাস, ওপ্পো, শাওমি ও ভিভো। এসব ফোনে বড় ডিসপ্লের পাশাপাশি গেমিং অভিজ্ঞতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ওয়ানপ্লাস। প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান স্মার্ট পিকাচুর (Smart Pikachu) ওয়েইবো পোস্টের বরাতে জানা গেছে, ২০২৭ সালে বাজারে আসতে পারে ওয়ানপ্লাস ১৭। আগামী বছর উন্মোচিত হতে যাওয়া পাঁচটি উল্লেখযোগ্য ওয়াইড-স্ক্রিন ফ্ল্যাগশিপ ফোনের একটি হতে পারে এটি।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১৭-এর বড় ডিসপ্লে মূলত গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। তবে ফোনটির স্ক্রিনের সুনির্দিষ্ট আকার, রেজল্যুশন কিংবা অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ওয়ানপ্লাসের প্রচলিত ফ্ল্যাগশিপ উন্মোচনের সময়সূচি বিবেচনায় ফোনটি ২০২৭ সালের অক্টোবর মাসে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
অন্যদিকে, অপো, ভিভো ও শাওমিও বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। এসব ফোনে ১৬:৯ অথবা ১৬:১০ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে ব্যবহারের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। প্রচলিত লম্বাটে স্মার্টফোনের তুলনায় এ ধরনের ডিসপ্লে গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।
স্মার্টফোন নির্মাতারা সাম্প্রতিক সময়ে ক্যামেরা, প্রসেসর ও ব্যাটারির পাশাপাশি ডিসপ্লের নকশা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় নতুনত্ব আনার চেষ্টা করছে। বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোনের এই সম্ভাব্য উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ করে মোবাইল গেমারদের জন্য নতুন বিকল্প তৈরি হতে পারে।
তবে ওয়ানপ্লাস ১৭সহ অন্য ব্র্যান্ডগুলোর সম্ভাব্য ফোনের চূড়ান্ত নকশা, ডিসপ্লের বৈশিষ্ট্য ও বাজারে আসার সময় সম্পর্কে নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।



















