আগামী পাঁচ বছরে ৫২ হাজার ৬৮০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে ৪১ হাজার ৮৮৩ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ১১ হাজার ২৪৮ জন তরুণ-তরুণীকে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ৫০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, আইসিটি বিভাগ আগামী পাঁচ বছরে এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে দেশের ৪০০টি উপজেলায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে।
তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে সরাসরি বিনিয়োগের পাশাপাশি ফান্ড অব ফান্ডসের মাধ্যমে বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অনুদান চালু করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।



















