জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ এনেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। সীমিত সংখ্যায় তৈরি এ গাড়ি বিক্রি হবে শুধু উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর বাজারে। প্রথম ধাপে তৈরি করা হবে ১ হাজার ৯৫১টি ইউনিট। ১৯৫১ সালে প্যাট্রোল ব্র্যান্ডের যাত্রা শুরুর বছরকে স্মরণ করতেই এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার বিশেষ সংস্করণের গাড়িটি উন্মোচন করেছে নিসানের পরিবেশক এডব্লিউআর অটোমোটিভ। দেশটিতে গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯০০ দিরহাম, যা প্রায় ১ লাখ ১৯ হাজার ৭৮০ ডলারের সমান। এ দামের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে।
নকশায় মরুভূমির অনুপ্রেরণা
প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ সংস্করণটির ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে মডেলটির সর্বোচ্চ সুবিধাসম্পন্ন প্লাটিনাম ভি৬ টুইন টার্বো সংস্করণ। বাহ্যিক নকশা ও গাড়ির অভ্যন্তরে বেশ কিছু পরিবর্তন এনে এতে বিশেষ সংস্করণের স্বতন্ত্র পরিচয় তুলে ধরেছে নিসান।
গাড়িটির বাইরের নকশায় তামা ও সোনালি রঙের বিশেষ সংমিশ্রণ দেখা যায়। নিসানের ভাষ্য অনুযায়ী, এ রঙের অনুপ্রেরণা এসেছে মরুভূমির প্রাকৃতিক দৃশ্য থেকে। সামনের গ্রিল, ফগ ল্যাম্পের চারপাশ, পাশের বায়ু চলাচলের অংশ, বডির মাঝ বরাবর নকশা ও বিভিন্ন প্রতীকে এ রঙের ব্যবহার রয়েছে। এর সঙ্গে রাখা হয়েছে গাঢ় ক্রোমের ফিনিশিং এবং কালো অ্যালয় চাকা।
সামনের গ্রিল, পাশের নকশা ও পেছনের প্রতীকে যুক্ত করা হয়েছে ৭৫ বছর পূর্তির বিশেষ চিহ্ন। দরজা খুললে মেঝেতে আলো ফেলে ‘প্যাট্রোল সিন্স ১৯৫১’ লেখা ফুটে উঠবে।
সংযুক্ত আরব আমিরাতের বাজারে গাড়িটি চারটি রঙে পাওয়া যাবে। রঙগুলো হলো ধূসর, সাদা, কালো এবং কালো ছাদের সঙ্গে সাদা।
অভ্যন্তরেও বিশেষ সংস্করণের ছাপ
গাড়ির ভেতরের নকশাতেও বিশেষ সংস্করণের পরিচয় তুলে ধরেছে নিসান। স্টিয়ারিং হুইলে রয়েছে তামা ও সোনালি রঙের অলংকরণ। পাশাপাশি রাখা হয়েছে পরিবেশ উপযোগী আলো ও গাঢ় ক্রোমের ফিনিশিং।
যাত্রীর পাশের ড্যাশবোর্ড, আসনের মাথার অংশ, মেঝে এবং মালপত্র রাখার জায়গার ম্যাটে ব্যবহার করা হয়েছে বিশেষ নকশা। দরজার নিচে যুক্ত করা হয়েছে আলোযুক্ত বিশেষ প্লেট। সঙ্গে রয়েছে গাঢ় লাল চামড়ার চাবির কভার।
প্যাট্রোলের দীর্ঘ ইতিহাস উদ্যাপন
নিসান ও ইনফিনিটির মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ভারত ও সিআইএস অঞ্চলের বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট থিয়েরি সাবাগ বলেন, প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য এমন একটি বিশেষ গাড়ি তৈরি করতে চেয়েছে নিসান, যা প্রতিষ্ঠান ও ক্রেতাদের দীর্ঘদিনের সম্পর্কের স্মারক হয়ে থাকবে।
সীমিত সংখ্যায় তৈরি এ সংস্করণের মাধ্যমে প্যাট্রোলের দীর্ঘ ইতিহাস ও মধ্যপ্রাচ্যের বাজারে মডেলটির গুরুত্ব তুলে ধরতে চায় নিসান। তবে গাড়িটির বিক্রি জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে।



















