শাওমির জনপ্রিয় রেডমি নোট সিরিজে নতুন স্মার্টফোন যুক্ত করার প্রস্তুতি চলছে। সম্প্রতি চীনের থ্রিসি (3C) সার্টিফিকেশন ডাটাবেজে ‘M077CE’ মডেল নম্বরের একটি নতুন ফোনের তথ্য সামনে এসেছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি হতে পারে আসন্ন ‘রেডমি নোট ১৮ ৫জি’ (Redmi Note 18 5G)। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ৮ হাজার ৮৮৮ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি।
থ্রিসি সার্টিফিকেশনের তথ্য অনুযায়ী, ফোনটিতে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টিপস্টার দাবি করেছেন, M077CE মডেল নম্বরের ডিভাইসটিই রেডমি নোট ১৮ সিরিজের স্ট্যান্ডার্ড সংস্করণ।
এদিকে একই সিরিজের আরেকটি মডেল ‘M841EE’ ৬৭ ওয়াট চার্জিং সুবিধাসহ সার্টিফিকেশন পেয়েছে। এটি রেডমি নোট ১৮ প্রো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাটারিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
আগের এক তথ্য ফাঁসে দাবি করা হয়েছিল, রেডমি নোট ১৮ ৫জি মূলত বর্তমান রেডমি নোট ১৭ ৫জির রিব্র্যান্ডেড বা হালনাগাদ সংস্করণ হতে পারে। তবে নতুন মডেলের প্রধান পরিবর্তন আসতে পারে ব্যাটারিতে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, চীনের বাজারে ফোনটিতে ৮ হাজার ৮৮৮ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। তুলনায় রেডমি নোট ১৭-তে রয়েছে ৮ হাজার এমএএইচ ব্যাটারি। আন্তর্জাতিক বাজারে আসতে পারে ৮ হাজার ১০০ এমএএইচ ব্যাটারিসহ আলাদা সংস্করণ।
যেসব ফিচার থাকতে পারে
ব্যাটারি ছাড়া ফোনটির অন্যান্য প্রধান স্পেসিফিকেশন আগের মডেলের মতোই থাকতে পারে বলে দাবি করা হয়েছে। সম্ভাব্য ফিচারের মধ্যে রয়েছে ৬ দশমিক ৯৯ ইঞ্চির ১২০ হার্টজ ফুলএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।
তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি শাওমি। থ্রিসি সার্টিফিকেশনে ফোনটির উপস্থিতি বাজারে আসার প্রস্তুতির ইঙ্গিত দিলেও উন্মোচনের তারিখ, দাম ও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।




















